জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, তবে তাঁকে যথাযথ ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, দেশে ফেরার পর শেখ হাসিনাকে কোনো উত্তেজিত জনতা বা মবের মুখোমুখি হতে হবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করার সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলো বলেন।
সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা যাঁকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আমাদের ধরে–বেঁধে আনতে হলো না। উনি আসলে উনি বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তাই হবে।’
তবে শেখ হাসিনা প্রকৃতপক্ষে দেশে ফিরবেন কি না, সেই বিষয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন উপদেষ্টা। তাঁর মতে, এই বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সাথে কেমন আচরণ করা হবে বা কী ঘটতে পারে, সে বিষয়ে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, ‘উনি (শেখ হাসিনা) দেশে ফিরে আসলে ন্যায়বিচার ফেস করবেন। উনি কোনো মব ফেস করবেন না। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।’
সাবেক প্রধানমন্ত্রীর অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে জাহেদ উর রহমান আরও বলেন, ‘...উনি (শেখ হাসিনা) ন্যায়বিচার করেননি। আমরা ন্যায়বিচার দিয়ে সেটা করব। আসুক, ওনাকে ওয়েলকাম।’