প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকারি চাকরিতে (১১ থেকে ২০ গ্রেডে) মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য বা বৈষম্য নেই। তিনি জানান, দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

সাম্প্রতিকভাবে সরকারি চাকরির ১১ থেকে ২০ গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি এবং লিখিত পরীক্ষার পাস নম্বর হ্রাসসহ বিধিমালা পরিবর্তনের খবর প্রকাশিত হয়। ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এটি কোনো বিশেষ উদ্দেশ্যে বা বৈষম্য সৃষ্টির জন্য নয়, বরং দক্ষ-যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই সরকার এই পরিবর্তন এনেছে।” একই সঙ্গে তিনি নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষায় বেশি নম্বর রাখার সিদ্ধান্তটিকে নিয়োগের মানোন্নয়নের সাথে যুক্ত করেছেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।