নয়াদিল্লি কি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে বলেছে? গণমাধ্যমে প্রকাশিত এই চাঞ্চল্যকর খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নোত্তরের সময় একজন সাংবাদিক এই প্রসঙ্গটি উত্থাপন করেন।

ওই সাংবাদিক তাঁর প্রশ্নে উল্লেখ করেন, বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নয়াদিল্লি চায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি সামরিক বিমান পাঠাক। পাশাপাশি তাঁকে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪ সালের দমনপীড়নের জন্য নতুন করে তাঁর বিচার করা হবে। এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা দেওয়া হয়েছে কি না বা কোনো যোগাযোগ হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়।

তবে এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি কেবল বলেন, “আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।”

ব্রিফিং চলাকালীন শেখ হাসিনাকে কেন্দ্র করে আরও বেশ কিছু প্রশ্ন করা হয়। একজন সাংবাদিক জানতে চান, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন কি স্থলবন্দর দিয়ে হবে নাকি আকাশপথে? এছাড়া তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে ভারত সরকারের কোনো প্রস্তুতি আছে কি না অথবা এই জটিল পরিস্থিতি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন কি না, তা জানতে চাওয়া হয়। রণধীর জয়সোয়াল এই প্রশ্নগুলোর কোনো উত্তর দেননি এবং কোনো মন্তব্যও করেননি।

উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যেই শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, তিনি যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে যে, শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন।

গতকাল বৃহস্পতিবার বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে। ওই প্রতিবেদনে ধারণা করা হয়েছে যে, ভারতের সম্মতি ছাড়া হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। তবে সেক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাই তাঁকে ফিরিয়ে নিতে হলে সেই দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকেই পালন করতে হবে। এই প্রত্যাবর্তন স্থলপথে বা আকাশপথে—যেকোনো উপায়ে হতে পারে। দ্বিতীয় শর্তটি হলো, হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার বিচার যাতে নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে।

আজকের ব্রিফিংয়ে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে চাওয়া হলে এবং সরকার এই খবরটিকে অসত্য বলে ঘোষণা করবে কি না, তা জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারবার জানান যে, এ বিষয়ে তাঁর বলার বা মন্তব্য করার কিছুই নেই।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জয়সোয়াল তাঁর আগের কথারই পুনরাবৃত্তি করে বলেন, “প্রত্যর্পণের বিষয়টি আইনি ব্যাপার। আইনি পথেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ব্রিফিংয়ে বাংলাদেশ–ভারত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার কারণ জানতে চাওয়া হলে জয়সোয়াল জানান, ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ওই বৈঠকটি দুই দেশের পারস্পরিক পছন্দসই তারিখে অনুষ্ঠিত হবে।

কনস্যুলার বৈঠক স্থগিত হওয়া নিয়ে ভারতে ও বাইরে নানা খবর প্রকাশিত হচ্ছে বলে উল্লেখ করে জয়সোয়াল বলেন, “ভারত সব সময়ই বলে আসছে, বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। সেই লক্ষ্যে উদ্যোগও নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে কাঠামোগত ব্যবস্থায় বৈঠকও হয়েছে। অন্য অনেক বিষয়ের মধ্যে সেই বৈঠকে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষে আলোচনা হয়েছে।”

তিনি আরও যোগ করেন যে, সংশোধিত ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্টস) ব্যবস্থাপনা–সংক্রান্ত বিষয়েও দুই দেশের কনস্যুলেট আলোচনা পারস্পরিক সম্মতিতে পছন্দসই তারিখে অনুষ্ঠিত হবে। বিদ্যমান ব্যবস্থা অনুযায়ী যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় ভারত প্রস্তুত এবং টেকনিক্যাল পর্যায়ের আলোচনায়ও তারা রাজি। পরিশেষে তিনি জানান, দুই দেশের জন্য সুবিধাজনক দিনেই কনস্যুলার আলোচনা অনুষ্ঠিত হবে।