সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন যে, শেখ হাসিনাকে দণ্ডিত অপরাধী হিসেবেই দেশে ফিরতে হবে। তাঁর মতে, প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান থাকায় এই ক্ষেত্রে নতুন পাসপোর্টের কোনো প্রয়োজনীয়তা নেই।

আজ সোমবার বেলা তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান অধ্যাপক আসিফ নজরুল।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা তাঁর পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার এই খবরের প্রেক্ষিতে আসিফ নজরুল তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে বাংলাদেশে এসে বিচার ফেস (মুখোমুখি হওয়া) করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।”

আসিফ নজরুল মনে করেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা প্রকারান্তরে তাঁর ফেরার পথটিই সহজ করে দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ সরকার এখন দৃঢ়ভাবে বলতে পারবে যে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তাই তিনি ফেরার সাহস দেখাচ্ছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাঁকে ফেরত না দেওয়ার কোনো যুক্তি আর গ্রহণযোগ্য থাকবে না। এই পরিস্থিতি ভারতকে আরও জোরালোভাবে চাপ দেওয়ার সুযোগ করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তাঁর পোস্টের শেষ দিকে লিখেছেন, “শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।”