মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট প্রদান করার কোনো আইনগত সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই কথা জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তাকে কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে পরামর্শ দিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। এই বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘যদি সত্যিকারের অর্থে আসতে চান , তাঁরা (চিফ প্রসিকিউটর কার্যালয়) পরিষ্কার উপদেশ দিতে চান, শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুক। ভারত সরকারের কাছে লিখিতভাবে বলুক যে এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাঁকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়।এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।’
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রে মুক্তকণ্ঠ জানতে পেরেছে যে, বাংলাদেশ হাইকমিশন এ সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে। তবে ওই সূত্রে আরও জানানো হয়, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না।
ব্রিফিং চলাকালীন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আইনের ব্যাখ্যা দিয়ে জানান, আইন অনুযায়ী দণ্ডিত কোনো আসামি পাসপোর্ট পাবেন না। তিনি বিস্তারিত বলেন, যখন কোনো আসামি পাসপোর্ট আবেদন করেন, তখন দেখা হয় যে গত পাঁচ বছরের মধ্যে তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন কি না। সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন দুই বছর পর্যন্ত হয়, তবে কর্তৃপক্ষ তাকে কোনো পাসপোর্ট প্রদান করবে না। এছাড়া আইনে উল্লেখ আছে যে, নৈতিক স্খলনের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করা যেতে পারে।
আমিনুল ইসলাম আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল টারপিটিউড (নৈতিকস্থলন) হিসেবে গণ্য করা হয়। যেহেতু তিনি দণ্ডিত, তাই পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার।
চিফ প্রসিকিউটরের দাবি, শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা এড়িয়ে গেছেন। রায় প্রকাশিত হওয়ার পর তিনি কোনো আপিল দাখিল করেননি। বর্তমানে তার আপিল করার আর কোনো আইনগত সুযোগ নেই বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম প্রশ্ন তোলেন, এমতাবস্থায় বাংলাদেশ সরকার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট কীভাবে ইস্যু করবে? তিনি বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে একজন দণ্ডিত ব্যক্তিকে যদি পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হয়, তবে তা বিচারের সঙ্গে রাষ্ট্রের মকারির সামিল হবে।
ন্যূনতম দুই বছরের সাজা হলে পাসপোর্ট দেওয়া যাবে না—আইনের এই নির্দিষ্ট ধারা উল্লেখ করে চিফ প্রসিকিউটর পুনরায় বলেন, অতএব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পলাতক দণ্ডিত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।
পরবর্তীতে চিফ প্রসিকিউটর বলেন, মাঝে মাঝে শোনা যায় শেখ হাসিনা হঠাৎ করে দেশে ঢুকে পড়বেন। কখনো বলা হয় তিনি পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে চলে আসবেন। এসব বক্তব্যে মিথ্যাভাবে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের কিছু অবুঝ অথবা নির্বোধ কর্মী বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছেন। একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে শেখ হাসিনার নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপতৎপরতা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।
শেখ হাসিনার প্রকৃতপক্ষে বাংলাদেশে আসার কোনো সদিচ্ছা নেই বলে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, যদি তার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তাহলে মামলা চলমান থাকাকালীন তিনি এসে তা মোকাবিলা করতেন। তার যদি বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তাহলে তিনি রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতেন।
চিফ প্রসিকিউটর আরও জানান, আইনে বলা আছে রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে আর আপিল গ্রহণযোগ্য হবে না। ফলে শেখ হাসিনার জন্য বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ কিছু নেই।