ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শেখ হাসিনা দেশে ফেরার লক্ষ্যে পাসপোর্টের জন্য আবেদন করেছেন—এমন খবর প্রকাশের পরদিন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

ব্রিফিং চলাকালীন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন অতিবাহিত হলে আর কোনো আপিল গ্রহণযোগ্য হয় না। সেই প্রেক্ষিতে তিনি বলেন, “শেখ হাসিনার বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই।”

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা এবং তাঁর সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। ওই একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হিসেবে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

রায় ঘোষণার ৫৭ দিন পর, গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। আইনের বিধান অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকে। রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে আপিল আর গ্রহণযোগ্য হবে না।

২০২৪ সালের অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এই মামলায় শুরু থেকেই পলাতক। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরেই তিনি দেশে ফিরতে চান। সম্প্রতি তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদনের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন তোলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে তিনি কি আইনি লড়াই করার সুযোগ পাবেন? এর জবাবে আমিনুল ইসলাম বলেন, “উনি আইনগত সুযোগ পাবেন কি পাবেন না; কী প্রক্রিয়ায় তিনি আইনগত সুযোগ নেবেন কি নেবেন না;… যদি বাংলাদেশে তাঁকে পাওয়া যায় তখন সেটি ফয়সালা হবে।”

চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী বর্তমানে শেখ হাসিনার আপিল করার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে শুনানি ছাড়া ফাঁসি কার্যকর করা যায় কি না—এই বিষয়ে অনেকের মনে প্রশ্ন থাকায় আমিনুল ইসলাম বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনজন বিচারক থাকেন, যাঁদের প্রত্যেকের যোগ্যতা হাইকোর্টের বিচারপতি হওয়ার সমতুল্য অথবা তাঁরা হাইকোর্টের বিচারপতি ছিলেন বা আগে ছিলেন। তিনি তুলনা করে বলেন, সাধারণ কোনো হত্যা মামলায় দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ডের রায় দিলেও তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। সেক্ষেত্রে হাইকোর্টের দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের কনফরমেশনের পর রায় কার্যকর হয়। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে দণ্ড কার্যকরের জন্য এমন কোনো শর্ত নেই।

চিফ প্রসিকিউটরের মতে, এই শর্ত না থাকার মূল কারণ হলো ট্রাইব্যুনাল হাইকোর্টের সমমর্যাদার একটি প্রতিষ্ঠান। শুধু সমমর্যাদাই নয়, হাইকোর্টের বেঞ্চে দুজন বিচারক থাকলেও ট্রাইব্যুনালের বেঞ্চে তিনজন বিচারক থাকেন, যা হাইকোর্টের চেয়ে বড়। তাই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় না; বরং সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার একমাত্র পথ হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে কথা বলতে গিয়ে আমিনুল ইসলাম বলেন, অনেকে দাবি করছেন মৃত্যুদণ্ড হলে তা সরাসরি কার্যকর করা যায় না এবং শুনানির প্রয়োজন হয়। তিনি স্পষ্ট করেন যে, ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন এবং এর ক্ষেত্রে ‘দ্য লিমিটেশন অ্যাক্ট’ প্রযোজ্য নয়। ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে যে, ৩০ দিন পর আর আপিল হবে না। অর্থাৎ শেখ হাসিনার আপিল অ্যাডমিট (গ্রহণ) হবে না। তাই আইন বিশ্লেষণ করে তিনি পুনরায় বলেন, বর্তমানে শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই।

মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম আযাদ কীভাবে আপিল করলেন—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আবুল কালাম আযাদ আউট অব টাইম (নির্ধারিত সময়ের পর) আপিল করেছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারধীন থাকায় তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।