আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের কোনো ধরনের ‘কনফ্লিক্ট’ (সাংঘর্ষিক) হওয়ার সুযোগ নেই।” তিনি জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসকে স্বাগত জানিয়ে বলেন, “এর মধ্য দিয়ে গুমের শিকার ব্যক্তিদের জন্য বিচারের দ্বার উন্মোচিত হয়েছে। এটি মাইলফলক হিসেবে কাজ করবে।”

ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি জানান, বিলে উল্লিখিত শর্তানুযায়ী, যদি গুমের ঘটনা ব্যাপক মাত্রায় বা পদ্ধতিগতভাবে সংঘটিত হয়, তবে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে।

আইনি দিক থেকে বিলের বৈধতা ও অন্যান্য আইনের সাথে সামঞ্জস্য নিয়েও তিনি দৃঢ়তা প্রকাশ করেন। চিফ প্রসিকিউটর বলেন, “বিলে যেভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে অন্য কোনো আইনের সঙ্গেও ‘কনফ্লিক্ট’ হওয়ার সুযোগ নেই। এ আইনের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।”

গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের আওতায় গুমের সংজ্ঞা সম্পর্কে তিনি বলেন, “গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের আওতায় গুমের সংজ্ঞা অনুযায়ী, এখন থেকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখে, তাহলে সেটি গুম বলে গণ্য হবে;”