জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এই ধরনের দাবিকে তিনি ‘উদ্ভট বক্তব্য’ হিসেবে অভিহিত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।
ব্রিফিং চলাকালীন একজন সাংবাদিক প্রশ্ন করেন যে, আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত সরকার চায় শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া হোক এবং তাঁর পুনর্বিচারের দাবি জানাচ্ছে ভারত। এই প্রেক্ষিতে শেখ হাসিনার পুনর্বিচারের কোনো সুযোগ আছে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।
এর জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশে একটা ট্রায়াল (বিচার) হয়ে গেছে, সেটার আবার ট্রায়াল চায় কোনো দেশ। এটাকে বলা হয় ‘ডি নোভো ট্রায়াল’। মানে আরেকবার বিচার। একবার বিচার হয়ে গেছে, সেটার পুনর্বিচার। এই ট্রায়াল বাংলাদেশে ছিল, ভারতে ছিল, পাকিস্তানেও ছিল। ভারত এই ট্রায়াল বাতিল করেছে। একইভাবে বাংলাদেশ তা বাতিল করেছে। পাকিস্তানেও তা নেই।”
তিনি আরও বলেন, এখন যে দেশ এই প্রক্রিয়ার চর্চা করে না, তারা অন্য একটি দেশকে এই ট্রায়ালের জন্য অ্যাডভাইস (উপদেশ) দিচ্ছে। বাংলাদেশে ডি নোভো ট্রায়ালের কোনো আইনি পদ্ধতি বা প্রসিডিউর নেই। যে ভারত সরকার এখন এই উপদেশ দিচ্ছে, তারা এই মামলার ট্রায়াল প্রসিডিংয়ের শুরু থেকেই সবকিছু অবগত। তাদের আশ্রয়ে-প্রশ্রয়েই আসামি (শেখ হাসিনা) অবস্থান করছেন। এমতাবস্থায় তারা তাদের এই অতিথিকে কেন আগে উপদেশ দিলেন না যে তিনি বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা করুন? অথবা কেন বলা হলো না যে তিনি যথাসময়ে গিয়ে আপিল করুন? তা না করে তিনি আপিলের সময় পার করেছেন এবং বিচারের সময়ও পার করেছেন। এখন এসে পুনরায় বাংলাদেশকে ডি নোভো ট্রায়াল বা পুনর্বিচারের উপদেশ দেওয়া হচ্ছে। চিফ প্রসিকিউটর এই ধরনের উদ্ভট বক্তব্য প্রত্যাখ্যান করে জানান, পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তাঁর সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড প্রদান করে। উক্ত মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার ৫৭ দিন পর, গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রচলিত আইন অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা মামলার শুরু থেকেই পলাতক। আসাদুজ্জামান খানও বর্তমানে পলাতক রয়েছেন।
ব্রিফিংয়ে আমিনুল ইসলাম আরও বলেন, “আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের (আওয়ামী লীগ সরকার) প্রণীত আইন।..এই আইন এবং রুলস অব প্রসিডিউর ব্যবহার করে ২০২৪ সালের আগপর্যন্ত তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, ব্যবহার করেছে, এই আইন চর্চা করেছে। আমরা তো কোনো আইন পরিবর্তন করি নাই।”
এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আরও স্পষ্ট করে বলেন, “...আইনে যদি প্রভিশন না থাকে, তাহলে এটা তো সরকার ইচ্ছা করলে দিতে পারবে না। এটা তো আমারও এখতিয়ার নাই, ট্রাইব্যুনালেরও এখতিয়ার নাই, গভর্নমেন্টেরও এখতিয়ার নাই।..অতএব কে কী অ্যাডভাইস করল, ওটা তো আসলে আমাদের আমলে নেওয়ার কোনো সুযোগ নাই।”