ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পরিস্থিতিতেই প্রত্যর্পণ করবে না ভারত। এছাড়া তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তাঁর নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকাকে অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত অনির্বাণ দাসগুপ্তের লেখা প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রায় এক মাস আগে ঢাকা সফরকারী একটি উচ্চপর্যায়ের ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। এই সফরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করা হয়। প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, তার (শেখ হাসিনা) সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত নয়। আটক করা হলে তার নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া উচিত।

এ ছাড়া প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে জোরালোভাবে জানিয়েছে, ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে প্রত্যর্পণ করবে না। তিনি দেশে ফিরতে আগ্রহী। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা বারবার জানিয়েছেন। যদিও ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, তিনি কীভাবে ফিরবেন তা আওয়ামী লীগ এখনো ঠিক করতে পারেনি।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন। যাদের মধ্যে চারজন পূর্বে কাশ্মীরে সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে।