একটি তিমিকে কেন্দ্র করে অবিশ্বাস্য সব ঘটনাপ্রবাহের এক নজির তৈরি হয়েছে জার্মানিতে। গত ৩১ মার্চ দেশটির বাল্টিক সাগরের পোয়েল দ্বীপের উপকূলে আটকা পড়ে প্রায় ১২ মিটার লম্বা এক হ্যাম্পব্যাক বা কুঁজওয়ালা তিমি। শুরুতে প্রাণীটিকে পুরুষ মনে করা হলেও পরবর্তীতে জানা যায়, সেটি ছিল একটি স্ত্রী তিমি। কৌতুকাভিনেতা হাপে কেরকেলিংয়ের দেওয়া নাম অনুযায়ী প্রাণীটির নাম রাখা হয় ‘টিমি’।

বাল্টিক সাগরের পানির লবণাক্ততা কম হওয়ায় সেখানে দীর্ঘ সময় আটকে থাকার ফলে টিমির সারা শরীরে ক্ষতের সৃষ্টি হয়। দেশটির পরিবেশ মন্ত্রণালয় এবং সমুদ্রবিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিমিটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং সে অসুস্থ। অগভীর এই খাঁড়ি থেকে তাকে টেনে উদ্ধার করতে গেলে প্রাণহানির ঝুঁকি অনেক বেশি। তাই নির্মম বাস্তবতা মেনে নিয়ে বিশেষজ্ঞরা তিমিটিকে প্রকৃতির নিয়মের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। তবে বিজ্ঞানীদের এই ঘোষণা শুনে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞানীদের ‘খুনি’ আখ্যা দিয়ে শুরু হয় তীব্র বিক্ষোভ।

জনগণের এই প্রতিক্রিয়ার মুখে এগিয়ে আসেন জার্মানির দুই ধনকুবের কারিন ওয়াল্টার-মমার্ট ও ওয়াল্টার গুনজ। তাঁরা ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২০ লাখ ইউরো ব্যয় করে একটি উদ্ধারকারী দল গঠন করেন। এই দলে অভিজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্ত হন একজন টিকটকার এবং পেরুর এক ঔপন্যাসিক, যিনি তিমিদের ভাষা বুঝতে পারেন বলে দাবি করেন। জনতার প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত সরকার এই বেসরকারি দলটিকে উদ্ধারকাজ চালানোর অনুমতি প্রদান করে।

উদ্ধারকারী দলের সদস্যরা টিমির শরীরে মলম মাখিয়ে সেবা করেন এবং গান গেয়ে তাকে শান্ত রাখার চেষ্টা করেন। অবশেষে ২৮ এপ্রিল একটি জাহাজের সঙ্গে যুক্ত নিমজ্জিত কাঠামোতে করে তিমিটিকে উত্তর সাগরের দিকে নিয়ে যাওয়া হয়। তবে ২ মে তাকে সাগরে ছাড়ার সময় এক বিপত্তি ঘটে। অভিযোগ ওঠে, লেজে দড়ি বেঁধে তিমিটিকে জাহাজ থেকে সাগরে টেনে ফেলা হয়েছিল। পরবর্তী সময়ে জার্মানির পরিবেশ মন্ত্রণালয় জানায়, ৬ বা ৭ মে তিমিটির মৃত্যু হয়। ডেনমার্কের আনহোল্ট দ্বীপের সৈকতে প্রাণীটির মৃতদেহ ভেসে ওঠে, যা ছিল প্রায় ২১৫ কিলোমিটার দূরে। মৃত তিমিটির কিছু হাড় কোপেনহেগেনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে সংরক্ষণ করা হয় এবং বাকি অংশ থেকে জৈব জ্বালানি ও সিমেন্ট উৎপাদনের উপকরণ তৈরি করা হয়।

টিমিকে বাঁচানোর অভিযান শেষ হলেও বিতর্ক এখনো থামেনি। উদ্ধারকাজের বিপুল ব্যয় এবং সমুদ্রে ছাড়ার অদক্ষ পদ্ধতি নিয়ে উদ্যোক্তাদের মধ্যে এখন আইনি লড়াই চলছে। এমনকি সরকারের বিরুদ্ধেও জমা পড়েছে শত শত অভিযোগ। বন্য প্রাণীর প্রতি ভালোবাসা যখন বিজ্ঞানের পরামর্শ উপেক্ষা করে অন্ধ আবেগ আর গুজবে রূপ নেয়, তখন যে কী হতে পারে, টিমির করুণ পরিণতি তারই এক জ্বলন্ত উদাহরণ।