চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত জালে আটকা পড়া একটি অজগর সাপকে উদ্ধার করেছে বন বিভাগ। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে অজগরটিকে হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের গহিন বনে অবমুক্ত করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের সাহাপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহাপাড়ায় একটি পরিত্যক্ত জালে অজগরটি আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন জাল কেটে সাপটিকে মুক্ত করেন। তবে সেটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। এ সময় সাপটিকে দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন।
হাজারিখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অজগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে আঘাত করা বা নিজেরা ধরার চেষ্টা করা উচিত নয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ অথবা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। পরে চিকিৎসা দিয়ে সেটিকে বন্যপ্রাণী অভয়ারণ্যের গহিন বনে অবমুক্ত করা হয়েছে।