মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা যৌথ প্রচেষ্টায় প্রাণীটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, গত মঙ্গলবার রাতে বিলে মাছ ধরার জন্য পাতা জালে অজগরটি আটকা পড়ে। বিষয়টি লক্ষ্য করে সাইদুল হক নামের এক ব্যক্তি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে বিষয়টি জানান।
খবর পেয়ে বুধবার (৭ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে তারা উদ্ধারকাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে সতর্ক প্রচেষ্টার পর তারা অজগরটিকে জাল থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধার অভিযান শেষে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “জালে যেভাবে আটকে ছিল, আর কিছুক্ষণ থাকলে অজগরটি মারা যেতে পারত। তবে সময়মতো উদ্ধার করায় প্রাণীটির কোনো ক্ষতি হয়নি।”
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিশ্চিত করেছেন যে, উদ্ধার করা অজগরটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।