মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের সিরাজনগর লামুয়া এলাকার বাসিন্দা কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় এই অজগরটি দেখতে পান স্থানীয়রা। এ সময় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন। এ সময় চাউতলি বন বিটের কর্মকর্তা সুব্রত সরকারও উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত অজগরটির বিষয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, "উদ্ধার করা অজগরটি আনুমানিক ১২ ফুট লম্বা। সাপটি শারীরিকভাবে সুস্থ রয়েছে। এটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে অজগরটিকে বনে অবমুক্ত করা হবে।"