মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এক ব্যক্তির বসতঘরের পাশ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরবর্তী প্রক্রিয়ায় সাপটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে বুঝিয়ে দেওয়া হয়।

গত সোমবার (২৬ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরীপাড়া এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটিকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সোমবার সকাল থেকেই রামনগর মণিপুরীপাড়ার বাসিন্দা খলিলুর রহমানের বসতবাড়ির আশপাশে সাপটিকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। তবে বিষয়টি রাতে জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রাত আটটার দিকে সাপটিকে পুনরায় দেখতে পেয়ে বাড়ির মালিক খলিলুর রহমান দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেন এবং বিষয়টি জানান।

খবর পাওয়ার পরপরই বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে শনাক্ত করেন এবং কোনো ক্ষতি না করেই অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকৃত সাপটির বিষয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল মুক্তকণ্ঠকে বলেন, “সাপটি শঙ্খিনী প্রজাতির এবং এটি অত্যন্ত বিষধর। সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।”