খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন একটি গ্রাম থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে শাকবাড়িয়া নদীর তীরে মঠবাড়িয়া গ্রামের বেড়িবাঁধের পাশ থেকে সাপটি উদ্ধার করেন ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বন বিভাগের সদস্যরা। পরে দুপুরে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ভিটিআরটির সদস্য ইয়াসিন আলী জানান, উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় আট কেজি এবং লম্বায় আট ফুট। সকালে মঠবাড়িয়া গ্রামের বাসিন্দারা লোকালয়ের পাশে সাপটির অবস্থানের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের পাশে বনায়নের জন্য লাগানো গাছের বেড়ার জালে অজগরটি আটকে আছে। পরে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাশিয়াবাদ কার্যালয়ে নেওয়া হয়।
মঠবাড়িয়া গ্রামের বাসিন্দা সোবহান আলীর বাড়ি বেড়িবাঁধের পাশে। আজ সকালে বাড়ির সামনে গাছের বেড়ার জালে জড়ানো অবস্থায় অজগরটি দেখতে পান তিনি। পরে আশপাশের লোকজন ও ভিটিআরটির সদস্যদের খবর দেন।
উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল জানিয়ে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, খাবারের সন্ধানে সাপটি বন ছেড়ে লোকালয়ের পাশে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। বন বিভাগের সদস্যদের সহায়তায় কয়রায় সুন্দরবনের বষ্টুমখালী খালসংলগ্ন বনাঞ্চলে সেটিকে অবমুক্ত করা হয়েছে।
সাদেকুর রহমান আরও বলেন, গত ২৪ আগস্ট কয়রার লোকালয় থেকে ১০ ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করা হয়েছিল। বন্য প্রাণী না মারার বিষয়ে প্রচার–প্রচারণার ফলে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। এখন সাপ দেখলে পিটিয়ে না মেরে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারী কর্মীদের খবর দিচ্ছেন। আজ অজগরটির বিষয়ে খবর দেওয়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।