সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে কালিবাড়ি এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা রেজাউল গাজী কালিবাড়ি এলাকায় একটি অজগর আটকা পড়েছে বলে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিন ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সাপটি কালাবগী স্টেশনের আওতাধীন সুন্দরবনের একটি এলাকায় অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন, কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. আ. ছালাম, সহযোগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ আল জামিসহ বন বিভাগের সদস্যরা।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, উদ্ধারকৃত অজগর সাপটি কালাবগী স্টেশনের আওতাধীন এলাকার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।