বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। গতকাল শনিবার এই ঘটনাটি ঘটে। জানা গেছে, জাহাজটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট। ফিনল্যান্ডের দাবি, এই হামলার পেছনে সম্ভবত ইউক্রেনের হাত রয়েছে। হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমার ভেতরে প্রবেশ করে।
স্পার্টা-২ নামের ওই জাহাজটিতে মোট ১৬ জন নাবিক ছিলেন। তারা প্রথমে লাইফবোটে আশ্রয় নেন এবং পরবর্তীতে নিকটবর্তী আরেকটি রুশ জাহাজে ওঠেন। বর্তমানে তারা রাশিয়ায় ফিরে যাচ্ছেন। শনিবার রাতে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইলেকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন।
চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের দিকে ইউক্রেন একের পর এক সামরিক ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে কয়েকটি ড্রোন পথ হারিয়ে বাল্টিক অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়ে। এই পরিস্থিতির ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে, যুদ্ধের প্রভাব এখন ন্যাটোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়ছে।
এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, ‘সম্ভবত ইউক্রেন (এ হামলার) পেছনে রয়েছে।’ তবে তিনি আরও উল্লেখ করেন যে, জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হলো, তা এখনও পরিষ্কার নয়।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, জাহাজটি রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে যাচ্ছিল। রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় থাকাকালীন জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। রুশ কর্মকর্তারাও এর আগে একই তথ্যের কথা জানিয়েছিলেন।
শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি বর্তমানে তাদের জলসীমায় নোঙর করা অবস্থায় রয়েছে, তাই উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে ফিনল্যান্ড। তবে শেষ পর্যন্ত রুশ জাহাজগুলোই ধ্বংসাবশেষ টেনে রাশিয়ায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফিনল্যান্ড উপসাগরের কোস্টগার্ডের কমান্ডার মিক্কো সিমোলা জানান, উদ্ধার অভিযানের সময় রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে হেলসিঙ্কি থেকে জানানো হয়েছে, বেসামরিক মানুষকে রক্ষা করার লক্ষ্যে ফিনল্যান্ড উপসাগরের পূর্বাংশে আকাশ ও সমুদ্রপথে সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া ড্রোন ঠেকানোর প্রয়োজন হলে কর্তৃপক্ষ যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারে, সেজন্যও এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো এক্সে লিখেছেন, ‘যুদ্ধ আমাদের প্রতিবেশী এলাকায় ছড়িয়ে পড়ছে। ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ সেখানকার পরিস্থিতি সামাল দিচ্ছে। আগ্রাসনকারীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের আছে।’
সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়নসন জানিয়েছেন, ঘটনার পর ফিনল্যান্ড ও ন্যাটোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কাজে সুইডেনের যুদ্ধবিমান অংশ নিয়েছে। এই বিমানগুলো ফিনল্যান্ডের কমান্ডের অধীনে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সবচেয়ে নতুন সদস্য। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ফিনল্যান্ড ২০২৩ সালে এবং সুইডেন ২০২৪ সালে এই সামরিক জোটে যোগ দেয়।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিশাল এক্সে লিখেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রভাব বাল্টিক সাগরে পৌঁছে গেছে। আগ্রাসনকারীর থামার জন্য এটা আরেকটি সংকেত। তবে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না।’
এস্তোনিয়া সরকার জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য তারা নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে। ওই জাহাজটি আগুন নেভানো এবং পরিবেশ দূষণ মোকাবিলার কাজেও সহায়তা করবে।
এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। একইভাবে হেলসিঙ্কিতে অবস্থিত রাশিয়ার দূতাবাসও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এটি রাশিয়ার জাহাজ কোম্পানি ওবোরনলজিস্টিকার সঙ্গে সম্পর্কিত। ওবোরনলজিস্টিকার ওয়েবসাইট অনুযায়ী, কোম্পানিটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লজিস্টিক সেবা প্রদান করে থাকে।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিন বলেন, ‘জাহাজে কী পণ্য আছে, তা নিয়ে এই মুহূর্তে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে জাহাজে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’