লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বেনগাজিতে এক ভয়াবহ সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন এই হামলাটি চালিয়েছে। গতকাল রোববার ভোরে চালানো এই হামলার পর জাহাজটিতে এক বিশাল বিস্ফোরণ ঘটে। স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর যুদ্ধজাহাজটির অধিকাংশ অংশই পানির নিচে তলিয়ে গেছে।

রুশ নৌবাহিনীর ওই করভেট জাহাজটির নাম ছিল ‘মেরকুরি’। এটি ফ্রিগেটের চেয়ে ছোট শ্রেণির একটি যুদ্ধজাহাজ। রাশিয়ায় ফেরার পথে জ্বালানি সংগ্রহ এবং প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য জাহাজটি বেনগাজি বন্দরে ভিড়েছিল। তবে এই হামলার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক প্রতিবেদনের তথ্যানুসারে, রুশ জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে অন্তত চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা সম্ভব হয়। তবে দুটি ড্রোন সরাসরি যুদ্ধজাহাজে আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর বেনগাজি উপকূলে ‘অ্যাসকালন’ নামের রাশিয়াসংশ্লিষ্ট আরেকটি পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা চালানো হয়।

ধারণা করা হচ্ছে, ওই যুদ্ধজাহাজটিতে বিভিন্ন সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। লিবিয়ার নৌবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করেছে। জানা গেছে, কয়েকজন নাবিক সামান্য আহত হয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে মোট কতজন আহত হয়েছেন বা তাঁদের জাতীয়তা কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি বেনগাজিসহ লিবিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে। এই বাহিনীটির সঙ্গে রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বন্দর ও নৌঘাঁটির সব স্থাপনা নিরাপদ রয়েছে। তারা এই হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, যারা এই হামলার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। কর্তৃপক্ষ আরও স্পষ্ট করে বলেছে, লিবিয়ার বন্দর বা জলসীমাকে আন্তর্জাতিক সংঘাত ছড়ানোর মঞ্চ হতে দেওয়া হবে না।

রুশ রসদ সরবরাহে গুরুত্বপূর্ণ বেনগাজি বন্দর

দক্ষিণ ইউক্রেন থেকে এক হাজার মাইলেরও বেশি দূরে ভূমধ্যসাগরে এই হামলাটি প্রায় পাঁচ বছর ধরে চলমান যুদ্ধের ভৌগোলিক বিস্তারের একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

ধারণা করা হয়, পশ্চিম লিবিয়ার মিসরাতায় ইউক্রেনের বিশেষ বাহিনীর একটি ছোট দল অবস্থান করছে এবং গত এক বছরে তারা রুশ জাহাজে ড্রোন হামলার সমন্বয় করে আসছে। সিরিয়ায় ঘাঁটি হারানোর পর আফ্রিকায় রুশ ভাড়াটে বাহিনীকে রসদ জোগাতে ক্রেমলিনের জন্য বেনগাজি বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে, ইউক্রেনের ক্রমাগত হামলার মুখে ক্রিমিয়ার অধিকৃত সেভাস্তোপোল বন্দর অনিরাপদ হয়ে পড়ায় রুশ নৌবহরকে পূর্বাঞ্চলের নভোরোসিস্ক বন্দরে সরিয়ে নিতে হয়েছে।

বাল্টিক সাগরেও রুশ জাহাজে আগুন

কেবল ভূমধ্যসাগর নয়, বাল্টিক সাগরেও একটি রুশ পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। ‘স্পার্টা ২’ নামের ওই জাহাজে গত শনিবার ড্রোন হামলা চালানো হয় এবং রোববার পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদগামী ওই জাহাজের আগুন নেভাতে ফিনল্যান্ড, রাশিয়া ও এস্তোনিয়ার জরুরি সেবা সংস্থাগুলো যৌথভাবে কাজ করেছে।

ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, এই হামলাটিও সম্ভবত ইউক্রেনই চালিয়েছে। জাহাজটির ১৬ জন নাবিককে কাছের একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।