পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে উঠেছে দত্তের বাজারের মাছের হাট। বাজারের শেষ প্রান্তে অবস্থিত এই হাটে ছোট-বড় বিভিন্ন আকারের দোকানে দেশি ও বিদেশি নানা জাতের মাছ পাওয়া যায়। সবজি বাজারের মতোই এখানেও একেক দোকানের পসরা একেক রকম।
মাছবাজারের দৃশ্যটি বেশ বৈচিত্র্যময়। কোনো দোকানি নিয়ে বসেছেন দেশি ট্যাংরা মাছ, কেউবা বড় হাঁড়িতে করে এনেছেন জীবন্ত কই, আবার কারও ডালায় সাজানো নদীর বড় বড় পাঙাশ। এই হাটে আসা মাছের একটি বড় অংশ সরাসরি ব্রহ্মপুত্র নদ থেকে সংগ্রহ করা হয়। এছাড়া সামুদ্রিক মাছ, চাষের মাছ এবং দক্ষিণাঞ্চলের ঘেরের চিংড়ি ও ইলিশসহ প্রায় সব প্রজাতির মাছই এখানে পাওয়া যায়।
খোলা আকাশের নিচে গড়ে ওঠা এই মাছের হাটে দোকানের সংখ্যা ৪০টির বেশি। ব্যবসায়ী ও ইজারাদারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি সোমবারের বড় হাটে গড়ে ৪০ মণের বেশি মাছ কেনাবেচা হয়, যার আর্থিক মূল্য ১০ লাখ টাকারও বেশি।
দীর্ঘদিন ধরে এই হাটে মাছের ব্যবসার সঙ্গে যুক্ত আনোয়ার হোসেন (৬০)। তিনি জানান, ‘এ অঞ্চলের মানুষ মাছ খুব পছন্দ করে। এ কারণে বড় বড় বাজারে পাওয়া যায় না, এমন অনেক মাছও এখানে মেলে। এমনকি বড় আকারের ইলিশও পাওয়া যায়। হাটের দিন সকালে সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কিনি, আর বেলা ৩টা থেকে রাত ৯-১০টা পর্যন্ত বিক্রি করি। বেচাকেনা শেষে বাজার-সদাই করে বাড়ি ফিরি।’
মাছের হাটের ঠিক পেছনেই টিনের শেডের নিচে গড়ে উঠেছে শুঁটকির হাট। এখানকার দোকানগুলোতে লইট্টা, চিংড়ি, রুপচাঁদা, মলা, কাঁচকি, ইঁচাসহ মিঠা ও নোনাপানির নানা প্রজাতির শুঁটকি পাওয়া যায়। শুঁটকি ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, এই হাটে মোট ১২টি শুঁটকির দোকান রয়েছে।
স্থানীয় ক্রেতা ও বিক্রেতাদের মতে, তাজা মাছের পাশাপাশি এই অঞ্চলের মানুষের কাছে শুঁটকির চাহিদাও ব্যাপক, যার ফলে শুঁটকির দোকানগুলোতে সবসময় ক্রেতাদের ভিড় থাকে। ব্যবসায়ীদের দাবি, বেশির ভাগ শুঁটকি কাপ্তাই ও দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো থেকে আসে। এর মধ্যে সামুদ্রিক মাছের শুঁটকির চাহিদাই সবচেয়ে বেশি। তাঁদের দেওয়া তথ্যমতে, হাটের আড়তগুলোতে প্রতি হাটবারে দেড় থেকে দুই লাখ টাকার বেশি শুঁটকি বিক্রি হয়।
দত্তের বাজারের এই মাছ ও শুঁটকির হাট কেবল স্থানীয় বাসিন্দাদের আমিষের চাহিদাই পূরণ করছে না, বরং নদীনির্ভর বহু মানুষের জীবিকার প্রধান উৎসে পরিণত হয়েছে। তবে ব্যবসায়ীরা একটি গুরুতর সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, মাছের হাটের জন্য কোনো স্থায়ী শেড না থাকায় রোদ ও বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়ায় তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ব্যবসায়ীদের মতে, স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি স্থায়ী শেড নির্মাণ করা হলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই উপকৃত হবেন এবং ব্যবসার পরিধি আরও বৃদ্ধি পাবে।