মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থাকায় সাশ্রয়ী মূল্যে টাটকা সবজি কেনার জন্য দূর-দূরান্ত থেকে ক্রেতাদের ভিড় জমছে ময়মনসিংহের গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী দত্তের বাজারে।

গফরগাঁও-টোক মূল সড়কের মধ্য দিয়ে বিস্তৃত এই বাজার। সড়কের বাম দিক দিয়ে হাটে প্রবেশ করলেই সরু গলির দুই পাশে সারিবদ্ধভাবে সবজির দোকানগুলো চোখে পড়ে। কেউ এখানে কাঁচা পেঁপে ও লাউয়ের পসরা সাজিয়েছেন, আবার কেউ বসেছেন নিজের খেতের বিভিন্ন বাহারি শাকসবজি নিয়ে।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে অবস্থিত এই ঐতিহ্যবাহী হাটের সবজির প্রধান বৈশিষ্ট্য হলো, এখানকার প্রায় সব ফসলই পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত। এখানে আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ এবং কুমড়াসহ প্রায় সব ধরনের মৌসুমি সবজি পাওয়া যায়।

দত্তের বাজারের ব্যবসায়িক চিত্রটি বেশ স্বতন্ত্র। এখানকার কৃষকেরা নিজেদের জমিতে উৎপাদিত ফসল সরাসরি বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে আসেন। যে কৃষক যে ফসল চাষ করেছেন, তিনি কেবল সেটিই বিক্রির জন্য নিয়ে বসেন। ভিন্ন ভিন্ন কৃষক ভিন্ন ধরনের ফসল নিয়ে আসায় পুরো হাটে সব ধরনের শাকসবজির সমাহার ঘটে।

বাজার সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদের চরে উৎপাদিত এই নির্ভেজাল শাকসবজি নিয়ে সরাসরি হাটে বসেন কৃষকেরা। এখানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সবজির দোকানের সংখ্যা ৮০টিরও বেশি। প্রতি সোমবারের বড় হাটে প্রায় ১৫ লাখ টাকা এবং শুক্রবারের ছোট হাটে প্রায় ৫ লাখ টাকার শাকসবজির কেনাবেচা হয়। এই হিসেবে শুধু সবজির হাটেই বছরে ১০ কোটি টাকার বেশি লেনদেন হয়ে থাকে।

হাটে একটি ছোট খাটের ওপর বেগুন, শিম ও ফুলকপি নিয়ে বসেছিলেন সবজি বিক্রেতা হাসেম (৫৫)। এই সবকটি সবজিই তাঁর নিজস্ব জমিতে উৎপাদিত। হাসেম বলেন, ‘৪০ বছর ধরে এই হাটে আসি। শুরুতে বাবার সঙ্গে আসতাম। বাবা এখন বেঁচে নেই, এখন আমার সঙ্গে ছেলে আসে। নিজের জমির ফসল এখানে বিক্রি করেই সংসার চলে। আমাদের সবজিতে কোনো ফরমালিন বা ওষুধ নেই। টাটকা ও ভালো জিনিসের টানে দূরদূরান্ত থেকে মানুষ এখানে বাজার করতে আসেন।’

চরে উৎপাদিত এই সবজির মূল ক্রেতা হলেন স্থানীয় বাসিন্দারা। সপ্তাহের এই দুই হাটবারে তাঁরা পরিবারের প্রয়োজনীয় টাটকা সবজি সংগ্রহ করেন। বাজারে আসা একাধিক ক্রেতার সাথে আলাপকালে জানা গেছে, চরের ফসলে রাসায়নিক সার ও ভেজালের আশঙ্কা অনেক কম থাকায় তাঁরা নিয়মিত এখান থেকে বাজার করতে পছন্দ করেন।