পুরোনো ব্রহ্মপুত্র নদের ঢেউয়ে বয়ে চলা এক সোনালি ইতিহাসের সাক্ষী ঐতিহ্যবাহী একটি গ্রামীণ বাজার। ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার দক্ষিণ প্রান্তে এবং কিশোরগঞ্জ জেলার সীমানার কোল ঘেঁষে অবস্থিত প্রাচীন নৌবাণিজ্য কেন্দ্র ‘দত্তের বাজার’। সময়ের সাথে সাথে উন্নয়নের ছোঁয়ায় এই বাজারের যোগাযোগব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। এক সময়ের প্রত্যন্ত এই গ্রামীণ বাজারটির সঙ্গে এখন বিভিন্ন দিক থেকে সড়কপথে সংযোগ স্থাপিত হয়েছে। নদীমাতৃক বাংলার শিকড়-স্পর্শী এই হাটটি বর্তমানে এই জনপদের বাণিজ্য, যোগাযোগ ও সামাজিক ইতিহাসের এক জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়েছে।

ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা দত্তের বাজারে আবহমান বাংলার চিরাচরিত ঐতিহ্যের দেখা মেলে। গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই হাটটি যে কাউকে অতীত স্মৃতির মন্থনে ফিরিয়ে নিয়ে যায়। এখানে শহুরে আধুনিকতার প্রভাব খুব একটা পড়েনি; বরং আশপাশের গ্রাম ও চরের মানুষ এখনো কয়েক প্রজন্ম ধরে এই হাটের ওপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করছে। শত শত বছর ধরে অস্থায়ী দোকানের ওপর নির্ভরশীল এই হাটে এখন কিছু স্থায়ী দোকান গড়ে উঠেছে। নদের তীরের এই হাটটিকে দুই ভাগে বিভক্ত করে মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও থেকে গাজীপুরের টোক অভিমুখী সড়ক। এই সড়কটি স্থাপনের পর এর দুই পাশে স্থায়ী দোকানের ভিড় বেড়েছে।

জাতীয় তথ্য বাতায়নের তথ্যানুসারে, ১৩৯২ সালে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এই এলাকা মুসলিম শাসনে আসে। পরবর্তীতে মোগল শাসনামলে এই অঞ্চলে বেশ কিছু হাটবাজার প্রতিষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলা ডিজিটাল পাবলিক সার্ভিস প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, দত্তের বাজার একটি ঐতিহাসিক হাট। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত শত শত বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী হাটটি মূলত পাইকারি মাছ, পাট ও কাঁচাবাজারের জন্য সুপরিচিত।

স্থানীয়দের ধারণা, মোগল শাসনামলের মাঝামাঝি কোনো এক সময়ে দত্তের বাজারের জন্ম। অতীতে ব্রহ্মপুত্র নদই ছিল এই অঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। ব্রহ্মপুত্রের অববাহিকায় একসময় প্রচুর শণ জন্মাত। সেই শণ দিয়ে স্থানীয় মানুষ ঘর, চাল, বেড়া, ঝাড়ু ও রশিসহ নানা প্রয়োজনীয় পণ্য তৈরি করত। শণের ব্যাপক চাহিদার কারণে বণিকেরা বড় বড় নৌকায় করে শণ নিয়ে এসে কেনাবেচা করতেন। এই শণ বাণিজ্যের কেন্দ্র করেই গড়ে ওঠে একটি হাট, যা তৎকালীন সময়ে স্থানীয়দের কাছে ‘ছন্নের হাট’ নামে পরিচিত ছিল।

গফরগাঁওয়ের প্রাচীন বাণিজ্যকেন্দ্রগুলোর মধ্যে দত্তের বাজার অন্যতম বলে জানান স্থানীয় বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি। কালের বিবর্তনে এই হাটের বাণিজ্যের ধরনে পরিবর্তন এসেছে। উনিশ শতকে এই হাটটি পাটের জন্য বিখ্যাত ছিল এবং ব্রহ্মপুত্রের নৌপথে পাটের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। ওই সময়ে এই অঞ্চলে উৎপাদিত পাট বিভিন্ন বড় বাণিজ্যকেন্দ্রে পাঠানো হতো। ইতিহাসবিদ সিরাজুল ইসলামের ‘কমার্শিয়াল হিস্ট্রি অব ঢাকা’ গ্রন্থে ময়মনসিংহ জেলার পাট সংগ্রহকেন্দ্র হিসেবে গফরগাঁওয়ের নাম উল্লেখ করা হয়েছে।

হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, শুরু থেকেই প্রতি সপ্তাহে দুই দিন—সোম ও শুক্রবার এখানে হাট বসে। সময়ের সাথে সাথে এই হাটের নাম হয় ‘দত্তের বাজার’। স্থানীয়দের হিসাব অনুযায়ী হাটটি ৪০০ বছরেরও বেশি পুরোনো। নামের উৎস সম্পর্কে সরকারি দপ্তরে কোনো সুনির্দিষ্ট নথি না পাওয়া গেলেও প্রচলিত ধারণা হলো, নদীতীরে নৌঘাট ও শণ কেনাবেচাকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ছন্নের হাট’ পরবর্তীতে ব্রিটিশ আমলে বা তার আগে প্রভাবশালী ‘দত্ত’ পরিবারের এক ব্যক্তির মাধ্যমে স্থায়ী বাজারে পরিণত হয়। জনশ্রুতি আছে, ওই ব্যক্তি একজন জমিদার, জোতদার অথবা ধনী ব্যবসায়ী ছিলেন। এরপর থেকেই লোকমুখে এটি ‘দত্তের বাজার’ নামে পরিচিত হয়।

মোহাম্মদ হজরত আলী ফকির গত ৬০ বছরেরও বেশি সময় ধরে এখানে লবণের ব্যবসা করছেন। তিনি মুক্তকণ্ঠ কে জানান, “শণের ব্যবসা দিয়ে হাটের গোড়াপত্তন হওয়ার পর একসময় এই হাটে পাটের বাণিজ্যও বেশ প্রসার লাভ করেছিল। তখন আশপাশের অঞ্চলগুলোর মানুষ এক নামে জানত যে দত্তের বাজার পাটের ব্যবসার জন্য বিখ্যাত।” এরপর ধীরে ধীরে এই বাজারটি গফরগাঁও, কিশোরগঞ্জের হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলাসহ আশপাশের ২৫-৩০টি গ্রামের প্রধান হাটে পরিণত হয়।

শণ ও পাটের ঐতিহ্য এখন হারিয়ে গেলেও কৃষিপণ্যনির্ভর বাণিজ্য এখনো টিকে আছে। বর্তমানে এখানে শাকসবজি, চাল-ডাল, মাছ, মসলা, মাটি ও বাঁশের তৈরি সামগ্রী, মিষ্টান্ন, পোশাক থেকে শুরু করে গরু-ছাগল কেনাবেচা হয়। রিকশাচালক তাজুল ইসলাম (৬০) স্মৃতিচারণ করে বলেন, “ছোটবেলা থেকে দেখছি, দূরদূরান্ত থেকে মানুষ বড় বড় নৌকায় করে এখানে আসত পণ্য কেনাবেচার জন্য। দত্তের বাজারকে সবাই এক নামে চেনে। আমাদের অন্য কোথাও যেতে হয় না। এখানেই দরকারি সব পাওয়া যায়। এটি এ অঞ্চলের সবচেয়ে পুরোনো আর বড় হাট।”

ভৌগোলিকভাবে গফরগাঁও উপজেলার অংশ হলেও এই হাটে আসা অধিকাংশ ক্রেতা ও ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বাসিন্দা। গফরগাঁও এবং হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার মাঝখানে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই নদের বুকে জন্ম নেওয়া বিভিন্ন চরে উৎপাদিত শাকসবজি নৌকা ও ট্রলারে করে এই বাজারে আসে। সোম ও শুক্রবার হাট বসলেও মূল বা বড় হাট বসে সোমবারে। সেদিন দোকানের সংখ্যা ও লোকসমাগম সবচেয়ে বেশি থাকে এবং এদিনই গরু-ছাগলের হাট বসে।

সোমবারের হাটে গড়ে পাঁচ হাজারের বেশি মানুষের ভিড় হয়। ক্রেতাদের পাশাপাশি নারীদের উপস্থিতিও চোখে পড়ে। বিশেষ করে ছাগলের হাটের পাশে গাছতলায় বেশ কয়েকজন নারী বিক্রেতা খুচরা চাল বিক্রি করেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা নিয়মিত এখানে চাল কেনাবেচা করেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে সড়কপথের প্রভাব বাড়লেও দত্তের বাজারে অধিকাংশ পণ্য এখনো নৌপথে আসে। ছোট-বড় মেশিনচালিত নৌকায় ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসেন, যা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাটের বৈশিষ্ট্যকে ধরে রেখেছে। অল্প কিছু স্থায়ী শেড বাদে অধিকাংশ ব্যবসায়ী খোলা আকাশের নিচে, গাছতলায় অথবা অস্থায়ী প্লাস্টিক-ত্রিপলের শেডের নিচে পসরা সাজিয়ে বসেন। হাট শেষ হলে সেই শেডগুলো খুলে নিয়ে যান তারা। এখানে এখনো খোলা লবণ এবং ঘানিতে ভাঙা ভোজ্যতেল বোতলে বিক্রির দৃশ্য দেখা যায়। পুরো হাটে ডিজিটাল ওয়েট স্কেলের দেখা পাওয়া দুষ্কর; ব্যবসায়ীরা এখনো ঐতিহ্যবাহী দাঁড়িপাল্লায় পণ্য মেপে কেনাবেচা করেন। দুপুর ২টায় শুরু হওয়া এই হাট চলে রাত ১০টা পর্যন্ত।

বর্তমানে গফরগাঁও উপজেলা পরিষদের অধীনে পরিচালিত এই হাটটিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পাঁচ শতাধিক দোকান বসে। বার্ষিক লেনদেনের পরিমাণ ১২০ কোটি টাকার বেশি। গফরগাঁও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বদরুল আলম মুক্তকণ্ঠ কে বলেন, “দত্তের বাজার এ অঞ্চলের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ হাট। ঐতিহাসিক হাটটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে এই হাট থেকে বছরে ১২ লাখ টাকা রাজস্ব আয় করছে সরকার।”

বর্তমানে এই হাটে পাইকারি ব্যবসায়ীর সংখ্যা হাতে গোনা, অধিকাংশ ব্যবসায়ী কেবল নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন। ক্রেতা ও বিক্রেতাদের মতে, মধ্যস্বত্বভোগী না থাকায় অন্যান্য বাজারের চেয়ে এখানে পণ্যের দাম কম, যার ফলে স্থানীয় পর্যায়ে হাটটির জনপ্রিয়তা এখনো অটুট।

দত্তের বাজার কেবল একটি কেনাবেচার স্থান নয়, বরং স্থানীয় মানুষের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক যোগাযোগের বড় একটি মাধ্যম। হাটের পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্রের পাড়জুড়ে অনেকগুলো চায়ের টংদোকান রয়েছে। বিকেল থেকে এই দোকানগুলো ক্রেতা-বিক্রেতাদের আড্ডাস্থলে পরিণত হয়। এমন আড্ডায় চা পানরত এক প্রবীণ ব্যক্তি জানান, তিনি নদীর ওপারের হোসেনপুর থেকে পরিচিতজন ও বন্ধুদের সঙ্গে গল্প করতে এসেছেন। শরীর সুস্থ থাকলে তিনি প্রতি হাটেই এখানে আসেন। তাঁর মতো আরও অনেকে আসেন, যাদের আড্ডার মাধ্যমেই গড়ে ওঠে অনেক বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক।

৪০০ বছরে ব্রহ্মপুত্র এখন সরু খালে পরিণত হয়েছে। বদলেছে সড়ক, পাল্টেছে ব্যবসার ধরন; এমনকি দত্ত পরিবারের নামটুকু কেবল বাজারের নামেই টিকে আছে। তবে দত্তের বাজারের পরিচয় শুধু কেনাবেচায় সীমাবদ্ধ থাকেনি; এটি আশপাশের কয়েক ডজন গ্রামের মানুষের সামাজিক যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক ও গ্রামীণ সংস্কৃতির এক পরিচিত ঠিকানায় পরিণত হয়েছে। হাটের শেষে নদীর পাড়ের চায়ের দোকানে ভিড় জমে। কেউ হিসাব মেলান, কেউবা তাকিয়ে থাকেন নদীর শান্ত জলরাশির দিকে। নদীর ঘাট, হাটের কোলাহল, কৃষকের পণ্য আর দর-কষাকষি—সব মিলিয়ে দত্তের বাজার যেন আবহমান বাংলার ঐতিহ্যকে পরম যত্নে ধারণ করা একটি উপন্যাসের পাতা, যা যুগ যুগ ধরে নদীর তীরে দাঁড়িয়ে বাংলার মাটি ও মানুষের কথা বলে চলেছে।