দীর্ঘ পাঁচ বছর ধরে সুন্দরী প্রতিযোগিতার হাঁটার প্রশিক্ষণ নিয়ে কাজ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় গোপন রেখেছিলেন নিরঞ্জন। তবে সামিরা খান মাহিকে প্রশিক্ষণ দেওয়ার পর প্রথমবারের মতো নিজের চেহারা প্রকাশ্যে আনেন তিনি। কীভাবে শুরু হয়েছিল নিরঞ্জনের এই পথচলা এবং এত অল্প সময়ে কীভাবে মাহিকে প্রস্তুত করলেন তিনি, তা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মিস ইউনিভার্সের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে হলে একজন প্রতিযোগীর দীর্ঘদিনের অনুশীলন ও সুপরিকল্পিত প্রস্তুতির প্রয়োজন হয়। কিন্তু এ বছর বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির হাতে সময় ছিল অত্যন্ত সীমিত—মাত্র চার থেকে পাঁচ দিন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দুই দিনে মোট তিন ঘণ্টা মাহিকে হাঁটা এবং মঞ্চে নিজেকে উপস্থাপনের বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন নিরঞ্জন ইসলাম।
এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে কারও অংশ নেওয়ার কথা ছিল না। তবে প্রতিযোগীরা আয়োজক দেশে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় ভোটিং পর্ব। নিরঞ্জন ইসলাম মুক্তকণ্ঠকে জানিয়েছেন, "বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী চূড়ান্ত না হলেও ১২১টি দেশের মধ্যে ভোটের হিসাবে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম।"
তাঁর ধারণা, দেশের মানুষের এই প্রবল আগ্রহের কারণেই শেষ মুহূর্তে একজন প্রতিযোগী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সামিরা খান মাহিকে চূড়ান্ত করার পর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ তানজিয়া জামান মিথিলা নিরঞ্জনের সঙ্গে যোগাযোগ করেন। মাহির হাতে তখন সময় ছিল মাত্র চার-পাঁচ দিন। আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য পোশাক নির্বাচন এবং পরিচিতিমূলক ভিডিও তৈরির মতো নানা প্রস্তুতি নিতে হয়, যা এত অল্প সময়ে গুছিয়ে নেওয়া সহজ ছিল না।
প্রশিক্ষণের দায়িত্ব পাওয়ার পর শুরুতে নিরঞ্জনের মনে কিছুটা ভয় কাজ করছিল। কারণ, অভিনয় ও মডেলিংয়ের অভিজ্ঞতা থাকলেও এর আগে মাহি কখনো কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেননি। তবে প্রশিক্ষণের প্রথম দিনই নিরঞ্জন বুঝতে পারেন, শেখার প্রতি মাহির আগ্রহ প্রবল। তিনি যা শেখাচ্ছিলেন, মাহি তা খুব দ্রুত আয়ত্ত করে নিচ্ছিলেন। তাঁর এই দ্রুত উন্নতি দেখে নিরঞ্জন নিজেও অবাক হয়েছিলেন।
নিরঞ্জনের মতে, কোনো কাজ মন থেকে করতে চাইলে সেটি ভালোভাবে করা সম্ভব। মাহির মধ্যে সেই ইচ্ছা ও ভালো লাগা ছিল বলেই তিনি এত দ্রুত শিখতে পেরেছেন।
মাহিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিরঞ্জন কার্যত দুই দিন সময় পেয়েছিলেন। প্রথম দিন রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুশীলন করেন মাহি। দ্বিতীয় দিন অনুশীলন চলে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত। প্রিলিমিনারি রাউন্ডের বিভিন্ন ধাপ নিয়ে মাহির সঙ্গে কাজ করতে চেয়েছিলেন নিরঞ্জন, কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয়নি। তাই তিনি হাঁটার ধরন, ভারসাম্য এবং শরীরের ভঙ্গির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।
নিরঞ্জনের মতে, প্রতিটি সুন্দরী প্রতিযোগিতায় হাঁটার ধরন আলাদা হয়। মিস ইউনিভার্সের মঞ্চে হাঁটা হতে হয় সহজ, সাবলীল ও স্বাভাবিক; সেখানে অতিরঞ্জিত অঙ্গভঙ্গির প্রয়োজন নেই। তাই মাহির হাঁটাকে আরও সাবলীল করা, ভারসাম্য বজায় রাখা এবং শরীরের ভঙ্গি ঠিক রাখার বিষয়গুলোতেই তিনি বেশি মনোযোগ দিয়েছিলেন।
মাহির প্রস্তুতির পুরো প্রক্রিয়ায় তানজিয়া জামান মিথিলার সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন নিরঞ্জন। পোশাক সংগ্রহ থেকে শুরু করে নানা আয়োজনে মিথিলা মাহির পাশে ছিলেন। একজন বন্ধু আরেকজনের পাশে এভাবে দাঁড়িয়েছেন, বিষয়টি নিরঞ্জনের খুব ভালো লেগেছে।
প্রিলিমিনারি রাউন্ডের পর মাহির সঙ্গে কথা হয় নিরঞ্জনের। মাহির পরিবেশনার প্রশংসা করে নিরঞ্জন জানান, তিনি দারুণ করেছেন। মাহিও মজা করে বলেছিলেন, তিনি জানতেন যে মঞ্চের পরিবেশনা শেষ হওয়ার পর নিরঞ্জনই সবার আগে তাঁকে ফোন করবেন। অল্প সময়ের অনুশীলনে মাহির এমন উন্নতি দেখে গর্ববোধ করেছেন নিরঞ্জন।
প্রায় পাঁচ বছর ধরে সুন্দরী প্রতিযোগিতার হাঁটার প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন নিরঞ্জন। তবে শুরুতে তাঁর এই আগ্রহের কথা পরিবারের কাছের মানুষরাও জানতেন না; নিজের অনুশীলনের বিষয়টিও গোপন রেখেছিলেন তিনি।
২০১৮ বা ২০১৯ সালের দিকে সুন্দরী প্রতিযোগিতার প্রতি নিরঞ্জনের আগ্রহ তৈরি হয়। বিভিন্ন দেশের প্রতিযোগিতা দেখতে দেখতে প্রতিযোগীদের হাঁটা, শরীরের ভঙ্গি ও মঞ্চে উপস্থাপনের ধরন তাঁকে আকৃষ্ট করে। সে সময় বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা পাওয়া যেত না, তাই তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার ভিডিওই বেশি দেখতেন।
বাংলাদেশে কারও কাছে সরাসরি প্রশিক্ষণ নেননি নিরঞ্জন। আন্তর্জাতিক প্রশিক্ষকদের ইউটিউব ভিডিও ও অনলাইন ক্লাস থেকে তিনি শিখেছেন। কীভাবে হাঁটতে হয়, শরীরের ভঙ্গি ঠিক রাখতে হয় এবং মঞ্চে কীভাবে দাঁড়াতে হয়, এসব তিনি রপ্ত করেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিযোগীদের হাঁটা ও উপস্থাপনার ধরন খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেন তিনি।
প্রায় তিন বছর নিজে অনুশীলন করার পর নিরঞ্জনের মনে হয়, শুধু নিজে শিখলেই হবে না, অন্যদেরও শেখাতে হবে। বাংলাদেশে তখন এ ধরনের প্রশিক্ষকের সংখ্যা খুব বেশি ছিল না, তাই তিনি নিজেকে প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। পরবর্তী প্রায় দুই বছর অন্যদের প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি নিয়ে কাজ করেন তিনি।
এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বরিশাল থেকে ঢাকায় এসে চাকরি করার কথা ভেবেছিলেন নিরঞ্জন। একবার বোনের বাসায় গিয়ে অবসর সময়ে নিজের হাঁটার একটি ভিডিও ধারণ করেন তিনি। ভিডিও সম্পাদনার কাজ কিছুটা জানতেন বলে মুখের ওপর একটি স্টিকার বসিয়ে নিজের চেহারা আড়াল করেন।
একেবারেই শখের বশে তৈরি সেই ভিডিও পরে বাংলাদেশের বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতাবিষয়ক ফেসবুক গ্রুপে প্রকাশ করেন নিরঞ্জন। সে সময় তিনি নিজের আসল নাম ব্যবহার না করে ছদ্মনামে ভিডিও প্রকাশ করতেন।
একপর্যায়ে মিস কসমো ২০২৪-এর প্রতিযোগী ফারজানা ইয়াসমিন অনন্যাসহ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া ও বিজয়ী অনেকেই তাঁর কাজ দেখে উৎসাহ দেন। তাঁদের কাছ থেকে পাওয়া উৎসাহ নিরঞ্জনকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
দীর্ঘদিন নিজের মুখ আড়াল করে হাঁটার ভিডিও প্রকাশ করলেও সামিরা খান মাহিকে প্রশিক্ষণ দেওয়ার পর প্রথমবার নিজের চেহারা প্রকাশ্যে আনেন নিরঞ্জন। তবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।
বরিশালের একটি গ্রামে বেড়ে উঠেছেন নিরঞ্জন। পরিবারের সদস্য কিংবা আশপাশের মানুষ তাঁর এই কাজকে কীভাবে নেবেন, তা নিয়ে দুশ্চিন্তা ছিল তাঁর। তিনি চাইতেন না, তাঁর কাজের কারণে পরিবারের কাউকে অন্যের কথা শুনতে হোক কিংবা কষ্ট পেতে হোক। ভবিষ্যতে এই পেশায় কতটা এগোতে পারবেন, তা নিয়েও ভাবতেন তিনি। এসব কারণেই এত দিন নিজের পরিচয় গোপন রেখেছিলেন।
একসময় ভেবেছিলেন, বিশেষ কোনো আয়োজনের মাধ্যমে কিংবা সুন্দর করে ছবি তুলে নিজের পরিচয় প্রকাশ করবেন। তবে সেভাবে আর হয়ে ওঠেনি। মাহির সঙ্গে কাজ করতে গিয়েই শেষ পর্যন্ত নিজের চেহারা প্রকাশ্যে আনেন নিরঞ্জন।
ভবিষ্যতে এই কাজ আরও বড় পরিসরে করতে চান নিরঞ্জন। আগামী এক বছরের মধ্যে দেশে নিজের একটি প্রশিক্ষণ স্টুডিও চালু করার পরিকল্পনা আছে তাঁর। সেখানে আগ্রহীরা এসে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারবেন।
আপাতত নিরঞ্জনের কাছে প্রশিক্ষণ নিতে হলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। প্রশিক্ষণের ধরন অনুযায়ী খরচও আলাদা হয়; কেউ নির্দিষ্ট মেয়াদের জন্য প্রশিক্ষণ নেন, আবার কাউকে ঘণ্টা হিসাবেও প্রশিক্ষণ দেওয়া হয়।
তবে এ বছর আর কাউকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেই নিরঞ্জনের। আপাতত কাজ থেকে কিছুটা বিরতি নিচ্ছেন তিনি। এখনো স্থায়ীভাবে ঢাকায় আসেননি; আগামী বছর পরিবারসহ ঢাকায় আসার পরিকল্পনা আছে তাঁর।
একসময় নিজের চেহারা আড়াল করে হাঁটার ভিডিও প্রকাশ করতেন যে নিরঞ্জন, তিনিই এখন স্বপ্ন দেখছেন নিজের একটি প্রশিক্ষণ স্টুডিও গড়ে তোলার।