জেলার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত গাইবান্ধা সরকারি কলেজ বর্তমানে নানা সংকটে জর্জরিত। সব সমস্যার ভিড়ে সবচেয়ে প্রকট হয়ে উঠেছে শিক্ষকসংকট। বর্তমানে এই কলেজে প্রতি ২২২ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক রয়েছেন। বিশেষ করে স্নাতক (সম্মান) শ্রেণিতে এই সংকট সবচেয়ে বেশি, যার ফলে শিক্ষকরা পালা করে পাঠদান করছেন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, জেলা শহরের থানাপাড়া এলাকায় গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়ক ঘেঁষে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৪৭ সালে ১৩ একর জমিতে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮০ সালে এটি সরকারি হয়। ১৯৫৬ সালে এখানে পাস কোর্স এবং ১৯৯৬-৯৭ সালে ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) শাখা চালু করা হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে স্নাতকোত্তর শ্রেণি চালু হয়। বর্তমানে কলেজে মোট শিক্ষার্থী ১৪ হাজার ৬৫২ জন, যার মধ্যে ছাত্র ৯ হাজার ৯০ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৬২ জন। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ৬৬ জন।
১৯৮৩ সালে প্রণীত মার্শাল ল (এমএল) কমিটির স্ট্যাফিং প্যাটার্ন ও ১৯৮৭ সালে গঠিত এনাম কমিটির সুপারিশ অনুযায়ী এই কলেজে ২৩৪ জন শিক্ষক থাকার কথা। বর্তমানে ৬৬ জন শিক্ষক থাকায় প্রায় ৭২ শতাংশ পদ শূন্য পড়ে আছে। বিশেষ করে স্নাতক (সম্মান) পর্যায়ের ১৪টি বিষয়ের অধিকাংশটিতেই প্রয়োজনীয় শিক্ষক নেই। নিয়ম অনুযায়ী প্রতিটি বিষয়ে বিভাগীয় প্রধানসহ অন্তত ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও গণিত বিভাগে বর্তমানে মাত্র একজন শিক্ষক দিয়ে পালা করে পাঠদান চালানো হচ্ছে।
স্নাতক (সম্মান) গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী খন্দকার রিমি বলেন, ‘আমাদের বিভাগে একজন মাত্র স্যার। এ কারণে সপ্তাহে তিন দিন মাত্র পাঠদান হচ্ছে।’
ইংরেজি বিভাগে মাত্র চারজন শিক্ষক এবং ইতিহাস বিভাগে তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ও মাস্টার্সসহ প্রিলিমিনারি থেকে মাস্টার্স কোর্স চালু থাকলেও সেখানে মাত্র পাঁচজন শিক্ষক রয়েছেন এবং বিভাগীয় প্রধানের পদটি শূন্য। শিক্ষার্থীরা জানান, এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষ, ডিগ্রি পাস প্রথম ও দ্বিতীয় বর্ষ, স্নাতক (সম্মান) প্রথম থেকে চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ে মোট ১০টি শ্রেণি থাকলেও শিক্ষকস্বল্পতার কারণে প্রতিদিন সব শ্রেণিতে ক্লাস হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “কাগজ-কলমে ক্লাস রুটিন থাকলেও ডিগ্রি দ্বিতীয় ও তৃতীয় বর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ে নিয়মিত পাঠদান হয় না। এসব শ্রেণির শিক্ষার্থীরা সিনিয়র ভাইয়াদের সহযোগিতায় ও গাইড বই পড়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন ও পরীক্ষায় অংশ নিচ্ছেন।”
আবাসন সমস্যাও এখানে চরম পর্যায়ে। প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র দুটি ছাত্রাবাস (একটি ছাত্র ও একটি ছাত্রীনিবাস) রয়েছে, যেখানে সর্বোচ্চ ২০০ জন থাকতে পারেন। ফলে বাকিদের বাইরে মেসে থাকতে হচ্ছে। রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র আবদুর রহীম বলেন, ‘আমার বাড়ি কলেজ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সুন্দরগঞ্জ উপজেলায়। এক সময় মেসে থাকতাম। মেসে থাকলে খরচ বেশি হয়। কয়েক মাস পরপর মেসভাড়া বাড়ানো হয়। তাই বাড়ি থেকে বাসে যাতায়াত করছি। যাতায়াত সমস্যার কারণে বেশির ভাগ সময় প্রথম ক্লাসে উপস্থিত হতে পারছি না।’
স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম জানান, রংপুর থেকে এখানে পড়তে এসেছেন তিনি। ছাত্রাবাসে জায়গা না থাকায় বর্তমানে মাসিক ১ হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা মেসভাড়া গুনতে হচ্ছে। তিনি বলেন, “প্রয়োজনীয় ছাত্রাবাস চালু হলে আমরা মাসিক ৪৫০ টাকা দিয়ে থাকতে পারব। অথচ এখন মেসে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।”
পরিবহন ব্যবস্থার অভাবও শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা। শিক্ষার্থীদের দাবি, ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী অন্তত চারটি বাস থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে একটি বাসও নেই। রসায়ন বিভাগের স্নাতক ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী নিফাউল ইসলাম বলেন, “জেলার শীর্ষ বিদ্যাপীঠে বাস সার্ভিস নেই। অথচ শহরের বেসরকারি কলেজগুলোতে বাস সার্ভিস রয়েছে। বিষয়টি কলেজের স্যারদের জানিয়েও কাজ হচ্ছে না।”
অন্যান্য সুযোগ-সুবিধার কথা বলতে গিয়ে স্নাতকোত্তর শ্রেণির ছাত্র জিসান মাহমুদ জানান, সামান্য বৃষ্টিতেই কলেজ মাঠে পানি জমে থাকে, ফলে বর্ষাকালে খেলাধুলা বন্ধ হয়ে যায়। এছাড়া উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কোনো অডিটোরিয়াম বা পৃথক লাইব্রেরি নেই। কেন্দ্রীয় লাইব্রেরির নিজস্ব ভবন নেই এবং সেখানে প্রয়োজনীয় বইয়েরও অভাব রয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাইয়ুম আজাদ বলেন, “কলেজে বেশির ভাগ শিক্ষার্থী প্রত্যন্ত এলাকার ও গরিব পরিবারের। সবার পক্ষে শহরে মেসে থেকে পড়াশোনা চালানো কঠিন। তাই প্রধানমন্ত্রী বাস উপহার দিলে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা লাঘব হবে।”
সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসে প্রবেশ করেই বাঁদিকে শহীদ মিনার এবং তার সামনে ফাঁকা জায়গায় চটপটি বিক্রি চলছে। শহীদ মিনার ও বিএনসিসি ভবনের সামনে শিক্ষার্থীদের আড্ডা। পূর্ব দিকে অধ্যক্ষের কার্যালয় ও প্রশাসনিক ভবন এবং দক্ষিণ-পূর্ব দিকে নতুন ছাত্রাবাস ও পশ্চিমে পুরোনো ছাত্রীনিবাস অবস্থিত। মনোরম পরিবেশের মাঝে মাঠের এক পাশে রয়েছে পুকুর।
কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ মুক্তকণ্ঠকে বলেন, “প্রয়োজনীয় শিক্ষক চেয়ে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এ ছাড়া ক্যাম্পাসে আরও দুটি ছাত্রাবাস নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল বিভাগকে তাগাদা দেওয়া হচ্ছে।”