কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১ হাজার ৮০০ বন্দির ধারণক্ষমতা থাকলেও বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ২০০ বন্দি এই কারাগারে থাকছেন। বন্দিদের এই অতিরিক্ত চাপের ফলে আবাসন, চিকিৎসা এবং সার্বিক ব্যবস্থাপনায় তীব্র সংকট তৈরি হয়েছে। জায়গার প্রচণ্ড অভাবের কারণে বন্দিদের গাদাগাদি করে থাকতে হচ্ছে, যা নিরাপত্তা ও ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণে কারা কর্তৃপক্ষকে সংকটে ফেলেছে।

এই চরম পরিস্থিতি মোকাবিলা করতে এবং বন্দিদের চাপ সামাল দিতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কারাগারের একটি নতুন ভবন খুলে দেওয়া হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) থেকে ওই নতুন ভবনটিতে বন্দি রাখার কার্যক্রম শুরু করা হয়েছে।

কারাগারের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, অবস্থানরত প্রায় ৪ হাজার ২০০ বন্দির মধ্যে ১৫০ জন নারী, চারজন তৃতীয় লিঙ্গের এবং একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ জন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৮০০ জন এবং রাজনৈতিক মামলায় বন্দী প্রায় ২ হাজার ৫০০ জন রয়েছেন। পাশাপাশি ১৮ থেকে ২১ বছর বয়সি প্রায় ২০০ জন তরুণ বন্দিও এখানে অবস্থান করছেন। দেশের বিভিন্ন সময়ে আলোচিত বেশ কিছু হত্যা মামলার আসামিও এই কারাগারে রয়েছেন। বন্দিদের বিশাল সংখ্যার বিপরীতে চিকিৎসাসেবার সুযোগ অত্যন্ত সীমিত। কারাগারে স্থায়ী মেডিকেল শয্যার সংখ্যা মাত্র ২৫টি, তবে পরিস্থিতি সামাল দিতে অস্থায়ীভাবে আরও ১২৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। বিপুলসংখ্যক বন্দির বিপরীতে সীমিত আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন কারা কর্তৃপক্ষ। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বন্দিদের পরিবারের সদস্যদের অভিযোগ, ভেতরে পরিস্থিতি অত্যন্ত নাজুক। শাহ আলম নামে একজন স্বজন বলেন, “বন্দির সংখ্যা দিন দিন বাড়ছে। একটি কক্ষে গাদাগাদি করে ঘুমানো, গোসলসহ দৈনন্দিন কাজ করতে হচ্ছে। এতে তার ছেলে অসুস্থ হয়ে পড়ছে।”

একই ধরনের অভিযোগ করেছেন কারাগার থেকে আসা আরও অন্তত ১০ জন স্বজন। তাদের ভাষ্যমতে, অতিরিক্ত বন্দির চাপে কারাগারের ভেতরে স্বাভাবিক জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে গত ১৫ দিনে বন্দির সংখ্যা বাড়ার সাথে সাথে কারাগারের সামনে স্বজনদের ভিড়ও বহুগুণ বেড়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত মানুষ তাদের স্বজনদের সাথে দেখা করার অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন। শুধু কুমিল্লা জেলা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ তাদের প্রিয়জনদের একনজর দেখতে এখানে আসছেন।

এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রায় ৬১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন কারাগার নির্মাণ করা হয়েছে, যার নির্মাণকাজ চলতি বছরেই শেষ হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম মুক্তকণ্ঠকে বলেন, “বর্তমানে কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা বেশি হওয়ায় আবাসন ও ব্যবস্থাপনায় কিছুটা চাপ রয়েছে। তবে বন্দিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা আমরা কাজ করছি।”