দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক কিংবা শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যেন নতুন কোনো বিভাগ খোলা না হয়, সেই আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স।
বর্তমান চাকরির বাজারের বাস্তব চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা না করে কোনো নতুন বিভাগ চালু করা উচিত নয় বলে মত দেন শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা এবং সেই খাতে কর্মসংস্থানের সুযোগ কতটুকু, তা গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। কেবল বিভাগ খোলার জন্য বিভাগ খুললে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য কোনো সুফল বয়ে আনবে না। বরং উচ্চশিক্ষা শেষ করার পর যদি কর্মসংস্থানের সুযোগ তৈরি না হয়, তবে বিশ্ববিদ্যালয়গুলো কেবল বেকারত্ব তৈরির প্রতিষ্ঠানে পরিণত হবে।
এ প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, ‘আমি শুধু এটুকু বলব, বেকারত্বের কারখানা বানাবেন না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না...শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই।’
বিশ্ববিদ্যালয়গুলোর উচিত এমন বিষয়ে দক্ষ শিক্ষার্থী তৈরি করা, যাদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের প্রকৃত সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, কোন খাতে কতজন দক্ষ জনবলের প্রয়োজন, তা যথাযথভাবে বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়গুলোর উচিত শুধু নতুন বিভাগ খোলার দিকে মনোযোগী না হয়ে বরং বিদ্যমান বিভাগগুলোর মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া।
বাস্তবে যেসব বিভাগের কোনো প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শ্রমবাজারে যেসব বিষয়ের চাহিদা নেই, সেসব বিষয়ে নতুন বিভাগ খোলার অনুমতি দেওয়া উচিত নয়। এই প্রক্রিয়ায় ইউজিসিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শিক্ষকসংকটের বিষয়টি তুলে ধরেন এহছানুল হক মিলন। তিনি জানান, প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়—সব পর্যায়েই শিক্ষকের ঘাটতি রয়েছে। তা সত্ত্বেও প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ এবং জনবল কাঠামো সম্প্রসারণ করা যাচ্ছে না। জনবলের এই চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।