আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ইউরোপীয় ইউনিয়ন মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকারের পক্ষে বলে জানিয়েছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহিংসতাকে উসকে দিতে পারবে। তাই সহিংসতা এবং বিদ্বেষ ছড়ানোর যেকোনো উসকানির বিপক্ষে অবস্থান নিয়েছে ইইউ।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ডিকাব টক’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাইকেল মিলার এসব কথা বলেন। দেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এই সংলাপের আয়োজন করে।
বাংলাদেশে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করেন ইইউ রাষ্ট্রদূত। তবে তিনি পর্যবেক্ষণ করেন যে, একই সময়ে একাধিক ইস্যু সামনে আসায় পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠছে।
দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে জানতে চাওয়া হলে শান্তিপূর্ণ মতপ্রকাশ এবং সংঘাতের মধ্যবর্তী সীমারেখার কথা তুলে ধরেন মাইকেল মিলার। তিনি বলেন, “গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশ করা যেতে পারে; কিন্তু সীমাটা কী? সীমাটা হচ্ছে, যদি কোনো কর্মকাণ্ড বেআইনি হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্ন করে; যেখানে ব্যক্তিবর্গ বা সংগঠনগুলো সংঘাত পরিহার করে না; বরং উল্টো উৎসাহিত করে—অবশ্যই এটাকে গ্রহণ করা সম্ভব নয়।”
ইউরোপীয় ইউনিয়নের মূল মূল্যবোধের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নসহ যেকোনো সংস্থাই সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে ‘হ্যাঁ’ বলবে; কিন্তু ‘না’ বলবে সংঘাতের উসকানি বা ঘৃণার বিরুদ্ধে।
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইইউ-র কার্যক্রমের ক্ষেত্রে কোনো বাধা আসার সম্ভাবনা নিয়ে মাইকেল মিলার বলেন, “এখন বাংলাদেশে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা দেখছি। তবে আমরা সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলি, তখন একটা বার্তা পৌঁছে দিই, পরিস্থিতি সামাল দেওয়ার পদক্ষেপ সমানুপাতিক (প্রোপরশনেট) হতে হবে এবং আমার বিবেচনায় পরিস্থিতি সামালের পদক্ষেপ (সহিংসতা দমনের ক্ষেত্রে) সমানুপাতিক হয়েছে।”
ঢাকায় অবস্থানরত ২৭ দেশের ইউরোপীয় জোটের এই রাষ্ট্রদূত জানান, ইইউ বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায়। এই লক্ষ্য অর্জনে অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং সহিংসতার পথ পরিহার করা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। একই সঙ্গে রাজনৈতিক শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে ইইউ।
রাজনৈতিক সংস্কারের সময়ে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক বলে উল্লেখ করে মাইকেল মিলার বলেন, “রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে কী রকম সংগ্রাম করতে হয়, তা ইউরোপের বিভিন্ন দেশের রয়েছে। বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক একই রকম ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্যদেশ পার করেছে। আমি আমার বক্তব্যে যেটা বলার চেষ্টা করেছি—রাজনৈতিক বিবর্তন জটিল প্রক্রিয়া। সেটি রাতারাতি অর্জন করা যায় না। এ ক্ষেত্রে অনেক বছর সময় লাগে এবং আপনাকে সংস্কারের ক্ষেত্রে নির্দয় হতে হবে।” এই কারণে সংস্কারের বিষয়ে সমর্থনের পরিষ্কার বার্তা দিতে নির্বাচনের পর থেকেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করার কথা জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়ে মাইকেল মিলার আরও বলেন, “সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জাতীয় সংসদে আসা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বৃহত্তর ঐকমত্য প্রত্যাশা করি।”
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতের পূর্ণ আস্থা রয়েছে যে, এটি সরকারের নিয়ন্ত্রণে আছে। পাশাপাশি তিনি তৈরি পোশাক খাতের মজুরি বৃদ্ধির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও চালু করার বিষয়ে বিপরীতমুখী বক্তব্যের প্রেক্ষিতে ইইউ-র অবস্থান জানতে চাওয়া হলে মাইকেল মিলার বলেন, “এ ক্ষেত্রে ইইউর কোনো অবস্থান নেই। আমি যা বলব, তা ব্যক্তিগত। অবশ্য আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপ এখনো চলমান।”
বাংলাদেশে স্থিতিশীলতা ও সমৃদ্ধির বিষয়ে ইইউ-র আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, “আমরা স্থিতিশীল বাংলাদেশ চাই এবং যেটা সমৃদ্ধ। আমাদের এটা খুবই সাধারণ—এটা বলতে বোঝায় ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি এবং এটাতে বোঝায়, আইনের শাসনের প্রতি সম্মান এবং আমি বলব যে এর মানে হচ্ছে, এখন সংঘাত ত্যাগ করা এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তাকে সম্মান জানানো। আমি মনে করি, এই বিষয়গুলো পরিষ্কার।”
রাজনৈতিক রূপান্তরের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার জায়গাটি ‘শূন্য করে ফেলা’ হয়েছিল। তিনি মনে করেন, গণতন্ত্র মানে কেবল নির্বাচন বা পার্লামেন্ট নয়, বরং এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতার বিষয়। মাইকেল মিলার বলেন, “বিগত শাসনকালে বাংলাদেশের নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবিশ্বাস ছিল। বর্তমানে সেই সংকট পূরণে আমরা পাশে থাকতে চাই।”
অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য প্রদান করেন।