পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলি হোসেন ফকিরের একটি সাম্প্রতিক মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। সরকারের অনুমতি পেলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে— আইজিপির এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই দাবি উত্থাপন করেন।

বিবৃতিতে তারা অত্যন্ত উদ্বেগের সাথে উল্লেখ করেন যে, পুলিশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত একজন কর্মকর্তার মুখ থেকে ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রকাশ্য ঘোষণা সংবিধান, মানবাধিকার ও আইনের শাসনের ওপর চরম আঘাত। অপরাধ দমনের দায়িত্বপ্রাপ্ত বাহিনীর প্রধান যখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সম্ভাব্য পদক্ষেপ হিসেবে তুলে ধরেন, তখন তা নাগরিকের সাংবিধানিক অধিকার ও আইনের শাসনের প্রতি হুমকি সৃষ্টি করে। তারা মনে করিয়ে দেন যে, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা, জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দেয়। কোনো নির্বাহী কর্তৃপক্ষের সিদ্ধান্তে এসব অধিকার খর্ব করা যায় না।

ছাত্রশিবিরের দাবি, কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেই আইন নির্ধারিত বিচারিক প্রক্রিয়া উপেক্ষা করে তার জীবন কেড়ে নেওয়ার অধিকার পুলিশের নেই।

আইজিপি-র বক্তব্যের পর পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, সেটিকেও তারা সমর্থন করেননি। তাদের দাবি, “আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতেও তার বক্তব্যকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” এই ধরনের মনোভাবকে তারা ফ্যাসিবাদি মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, কে অপরাধী এবং তার শাস্তি কী হবে, তা নির্ধারণের এখতিয়ার আদালতের বলে। পুলিশের মূল দায়িত্ব হলো অপরাধ তদন্ত করা এবং অভিযুক্তকে যথাযথ বিচারের মুখোমুখি করা; কাউকে অপরাধী সাব্যস্ত করা কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অধিকার পুলিশের নেই। তারা স্পষ্ট করে জানান, প্রচলিত আইনে কোনো অপরাধের শাস্তি হিসেবে ক্রসফায়ারের কোনো বিধান নেই। ক্রসফায়ারকে যে অর্থেই ব্যাখ্যা করা হোক না কেন, এর মাধ্যমে বিচারবহির্ভূতভাবে মানুষের জীবন কেড়ে নেওয়াই বোঝায়।

ফ্যাসিবাদি আমলে দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা ছিল না বলে উল্লেখ করে তারা বলেন, সেসময় বাকস্বাধীনতাও ছিল ভূলুণ্ঠিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে মানুষকে তুলে নিয়ে যাওয়া, গুম, ক্রসফায়ার ও বিনা বিচারে হত্যার মতো ঘটনা ঘটেছে। আইজিপির সাম্প্রতিক বক্তব্য অতীতের সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করেছে। তাদের মতে, তার বক্তব্যে ভবিষ্যতে ক্রসফায়ার চালানোর ইচ্ছা প্রকাশের পাশাপাশি অতীতে সংঘটিত এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়ও প্রকারান্তরে স্বীকার করা হয়েছে। এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগ ও ক্ষমতার অপব্যবহারে উৎসাহিত করতে পারে এবং সাধারণ নাগরিকদের মধ্যে চরম ভীতি সৃষ্টি করতে পারে।

পুলিশের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই কাম্য নয় বলে মনে করে ছাত্রশিবির।

পরিশেষে, তারা সরকারের প্রতি এ বিষয়ে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।