জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে কারাবন্দী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম আজ সোমবার এই রিমান্ড আবেদন দাখিল করেন। তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন।

পুলিশ তাদের রিমান্ড আবেদনে পাঁচটি বিশেষ কারণ উল্লেখ করেছে। প্রথমত, এজাহারে নাম থাকা পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা সংগ্রহ করা এবং তাঁদের বর্তমান অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা। দ্বিতীয়ত, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও আসামিদের ভূমিকা, তাঁদের পারস্পরিক যোগাযোগ এবং ঘটনার আগে ও পরে তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। তৃতীয়ত, ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটন করা এবং সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ করে আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা। চতুর্থত, জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, প্রাসঙ্গিক তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাই এবং তদন্তের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য উদ্‌ঘাটন করা। পঞ্চমত, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের জোগান, যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে এজাহারে করা অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করা।

এর আগে গত ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ডিবির উত্তরা বিভাগের একটি দল। গ্রেপ্তারের পর পরদিন ১৯ নভেম্বর তাঁকে এই মামলায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার সামনে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। সেই সময় তাঁদের ওপর গুলিবর্ষণ করা হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এই ঘটনার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেন এনামুল হক। উক্ত মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে যে, এই অভিনয়শিল্পীরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থের জোগান দিয়েছেন।

উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যে অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ও সোহানা সাবা জামিনে মুক্তি পেয়েছেন।