রাজধানীর তুরাগ এলাকা থেকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তুরাগে অবস্থিত রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া বিল্ডিং থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
এই ঘটনার বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগে কর্মরত একজন পুলিশ পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে জানান, ‘রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া বিল্ডিং থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ডিবি পুলিশ।’
তিনি আরও উল্লেখ করেন যে, ‘ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের একটি দল তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।’
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর মুক্তকণ্ঠকে বলেন, ‘অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’
একটি সূত্র থেকে জানা গেছে, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ‘আলো আসবেই’ নামক একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেওয়া এবং আলোচনা করা হয়ে থাকে।
উল্লেখ্য, ১৯৮৪ সালে জন্মগ্রহণকারী জ্যোতিকা জ্যোতি একজন প্রতিষ্ঠিত বাংলাদেশি অভিনেত্রী। ২০০৫ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। পরবর্তীতে বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।
এর পর তার অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। এই সিনেমাগুলোতে প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়ান। এছাড়া তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গ্রাস’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’।
চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য সিনেমাতেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘ব্রেকআপ’। এরপর তিনি আরও প্রায় ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।