ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশের দাবি অনুযায়ী, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলনে পাঠিয়েছিলেন। পুলিশ মনে করছে, এই ব্যক্তিরাই পরিকল্পিতভাবে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে।

আটককৃতদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর মিরপুর বিভাগ। বাকিদের আটক করেছে স্থানীয় বিভিন্ন থানার পুলিশ সদস্যরা।

ঢাকার ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের সুযোগ নিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ভাঙচুরের মতো কর্মকাণ্ডের পেছনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের স্থানীয় নেতা ও কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন মুক্তকণ্ঠকে বলেন, “আটক ব্যক্তিরা মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অনুসারি। কয়েকজনের পদ–পদবি রয়েছে। ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলন পাঠিয়েছিল। এরাই সংগঠিত হয়ে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে ও ভাঙ্চুর চালিয়েছে।”

ডিবি পুলিশের আরও একটি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিরা মূলত অনলাইন গ্রুপের মাধ্যমে নিজেদের সংগঠিত করেছিল। তাঁদের মূল লক্ষ্য ছিল শ্রমিক আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ রোববার রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই উত্তেজনার একপর্যায়ে মিরপুর–১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা। সংঘর্ষের প্রভাব ও নিরাপত্তার কথা চিন্তা করে মিরপুর–১০, মিরপুর–১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বন্ধ রাখা হয়।

অন্যদিকে, গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জন নেতা-কর্মী। আজ ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।