গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারকে (৪৬) আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানের মাধ্যমে ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করে আটক করা হয়।

গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গোবিন্দগঞ্জ এবং জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় এই অভিযানটি পরিচালনা করে।

আটক মজনু সরকার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের আলী গ্রামের বাসিন্দা এবং মৃত নাসির সরকারের পুত্র। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও চোখ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে মজনু সরকার সীমান্ত এলাকার একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

ঘটনাটি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।”