গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সি চাচাতো-জ্যাঠাতো দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর একই দিনে জন্ম হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো চৌধুরীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ এবং আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত। তাদের দুজনেরই বয়স দুই বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে যায় শিশু দুটি। একপর্যায়ে তারা পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।