গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস করেছে প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে থেকে রাত পর্যন্ত এ অভিযান চালিয়ে ৪ স্থানের ৪৫টি অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করা হয়।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও বিক্রি করে আসছিল। এতে এলাকায় মারাত্মকভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা তামজিদ ইমরাম খান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশসহ ওই গ্রামে পৌঁছে ৪৫টি চুল্লি ধ্বংস করেন। এসময় চুল্লি ব্যবসার সঙ্গে জড়িতরা সটকে পড়ে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইমরান খান জানান, পরিবেশ ধ্বংসকারী ও অবৈধভাবে কাঠ পুড়ে কয়লা তৈরির বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যে জমির ওপর এই অবৈধ কয়লার কারখানা স্থাপন করা হয়েছে, আইন অনুযায়ী সেই জমির মালিকের বিরুদ্ধেও দ্রুত মামলা দায়ের করা হবে।