গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বউভাতের আয়োজনে চুরি করা গরু জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, ওই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন।

অন্যদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলাম জানান, শুক্রবার ভোরে তার গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। তার দাবি, বউভাতের অনুষ্ঠানে যে গরুটি জবাই করা হয়েছে সেটিই তার চুরি যাওয়া গরু। রাতের আঁধারে গোয়ালঘর থেকে গরুটি চুরি করে আনা হয়েছে বলে তিনি গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম দাবি করেছেন যে, তিনি ষড়যন্ত্রের শিকার।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আর গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, "গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"