গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে একটি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে দরপত্র ছাড়াই গোপনে পাঁচ শতাধিক ইউক্যালিপটাস গাছ বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। এই অনিয়মের বিষয়ে সমিতির সুবিধাভোগী সদস্যরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২০০৯ সালে তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া (ঠাকুরপাড়া) সমবায় সমিতির ৩৮ জন সদস্যের উদ্যোগে জামালপুর বাজার থেকে দক্ষিণে কাজিরবাড়ী পর্যন্ত রাস্তার দুই পাশে পাঁচ শতাধিক ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়েছিল।
নিয়ম অনুযায়ী, গাছ বিক্রির ক্ষেত্রে বন বিভাগ দাম নির্ধারণ করে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দরপত্রের আহ্বান জানান। চুক্তি অনুযায়ী সদস্যরা গাছগুলোর দেখভাল করেন। এছাড়া গাছ বিক্রির প্রাপ্ত অর্থের ৬০ শতাংশ স্থানীয় উপকারভোগী কমিটি, ২০ শতাংশ স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং ১০ শতাংশ জমির মালিকদের মধ্যে ভাগ করে দেওয়ার নিয়ম রয়েছে। তবে অভিযোগ উঠেছে যে, এই নিয়মগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সমিতির সভাপতি ছাদেকুল ইসলাম ও তার সহযোগীরা অন্য সদস্যদের অন্ধকারে রেখে গোপনে চেয়ারম্যানের কাছে গাছ কাটার আবেদন করেন। চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর ছাদেকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগসাজশে কাউকে কিছু না জানিয়েই গাছগুলো বিক্রি করে দেন।
গত বুধবার গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তাড়াহুড়া করে ব্যাপারীর লোকজন গাছ কেটে ট্রাক ও ট্রলিতে করে নিয়ে যাচ্ছে। জানা গেছে, গত সোমবার সকাল থেকে বেলা ৩টার মধ্যে তিন শতাধিক গাছ কাটা হয়েছে এবং বাকি গাছগুলো এখনো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে।
এই বিষয়ে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানুদ রানা জানান, তিনি গাছ বিক্রির কথা শুনেছেন, তবে পরিষদে কোনো অর্থ জমা হয়নি। তিনি আরও বলেন, “অনেকে দরপত্রের কাগজপত্র দেখতে এসেছিলেন। তাদের সমিতির সভাপতি ছাদেকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। তিনি নাকি টালবাহানা করছেন।”
গোবিন্দগঞ্জ পৌরশহরের কাঠ ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, তিনি গাছগুলো কেনার জন্য সভাপতির কাছে গিয়েছিলেন এবং ১৪ লাখ টাকা দামও বলেছিলেন। তবে সভাপতি আরও বেশি দাম চেয়েছিলেন। এখন তিনি শুনছেন, ৩ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো বিক্রি হয়েছে।
সমিতির সদস্য আয়নাল হক অভিযোগ করে বলেন, “সভাপতি ছাদেকুল ইসলাম সমিতির সদস্যদের জানিয়েছেন, ৩ লাখ ৭০ হাজার টাকায় গাছ বিক্রি হয়েছে। অন্যদিকে, একজন ব্যাপারী জানিয়েছেন, ১২ লাখ টাকায় গাছগুলো বিক্রি করা হয়েছে। তারা এখনো কোনো টাকা পাননি। সভাপতি তাদের সঙ্গে জালিয়াতি করেছেন। তারা এ ঘটনার বিচার চান।”
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন যুবক দাবি করেন, সমবায় সমিতির সভাপতি ছাদেকুল ইসলাম জেলা বিএনপির সদস্য হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে সদস্যদের ফাঁকি দিয়ে গোপনে রাস্তার গাছগুলো ১২ লাখ টাকায় বিক্রি করেছেন। অথচ সদস্যদের কাছে ৩ লাখ ৭০ হাজার টাকার কথা বলা হয়েছে। এই ঘটনার বিহিত চেয়েই সুবিধাভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
আরেক সদস্য হানিফ মণ্ডল আলী বলেন, যথাযথ নিয়ম না মেনে গাছগুলো বিক্রি করা হয়েছে। গাছের টাকা নিয়ে সদস্যরা তাকে বিভিন্ন কথা বলছেন। তিনি আরও জানান, মূল্যের ২০ শতাংশ ইউনিয়ন পরিষদে এবং ১০ শতাংশ অর্থ জমির মালিকদেরও দেননি সভাপতি মাহমুদ। তিনি এসবের মধ্যে নেই। তার মতে, গাছগুলো দরপত্রের মাধ্যমে বিক্রি করা হলে আরও বেশি দাম পাওয়া যেত।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে সমিতির সভাপতি ছাদেকুল ইসলাম বলেন, তিনি ইউএনওর সঙ্গে কথা বলে গাছগুলো বিক্রি করেছেন। কত টাকায় বিক্রি করেছেন জানতে চাইলে তিনি বলেন, “বন বিভাগের নির্ধারিত ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যে গাছগুলো বিক্রি হয়েছে। গাছ কাটা শেষ হলে সমিতির সদস্যদের মধ্যে টাকা বণ্টন করা হবে। ১২ লাখ টাকায় বিক্রির অভিযোগ সঠিক নয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঠের ব্যাপারী (ক্রেতা) জানান, তার কাছে কোনো কাগজপত্র নেই এবং তিনি ছাদেকুল ইসলামের কাছ থেকে গাছগুলো কিনেছেন। দাম জানতে চাইলে তিনি বলেন, ৩ লাখ ৭০ হাজার টাকার বেশি দিয়ে গাছগুলো কিনেছেন।
গোবিন্দগঞ্জ সামাজিক বনায়ন বিভাগের ফরেস্টার মিজানুর রহমান জানান, তিনি সম্প্রতি অবসরে গেছেন। ওই গাছগুলো বছর তিনেক আগে নম্বর করেছিলেন তিনি। গাছের দাম কম-বেশি হতে পারে, তবে তিনি স্পষ্ট করে বলেন, “সরকারি জায়গার গাছ দরপত্র ছাড়া বিক্রির কোনো সুযোগ নেই।”
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে গাছ কাটা বন্ধ রাখা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন সুলতানা জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। গাছ কর্তনের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ওই কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।