গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটা মোড় মাঠে তিন দিনব্যাপী জেলা ইজতেমার কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর মুফতি শফিউল্লাহ সাফির আমবয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
ইজতেমার প্রথম দিন থেকেই জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো ময়দান। ফজরের নামাজ আদায়ের পর মুসল্লিরা একযোগে আমবয়ানে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় আলোচনা ও বয়ান শ্রবণ করেন।
পুরো ইজতেমা যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নিয়োজিত রয়েছেন স্বেচ্ছাসেবকেরা। এছাড়া মুসল্লিদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইজতেমা প্রাঙ্গণে বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা আগামী রোববার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
নিরাপত্তা বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, “ইজতেমা ঘিরে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কাঁটা মোড় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।”