গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল মমিন (৩৬) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালিব হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিষমুড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল মমিনকে আটক করা হয়। তিনি মহিষমুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।

আটকের পর তাকে গোবিন্দগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।