গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় আওয়ামী লীগের এক কর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে দলটি এই বিষয়ে তীব্র আপত্তি জানায়।
সংবাদ সম্মেলনে পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ডিলার প্রত্যাশী মো. শাহিনুর ইসলাম শাহিনুর লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে সার ও কীটনাশক ডিলার নিয়োগের জন্য তিনজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ কর্মী সাখাওয়াত হোসেনের নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।
শাহিনুর অভিযোগ করেন, এ.টি.এম সাখাওয়াত হোসেন ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদের এবং ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত অবৈধ জাতীয় নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা প্রতীকে ব্যাপকভাবে কাজ করেছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি প্রশ্ন তোলেন, এমন এক রাজনৈতিক কর্মীর নাম সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় কীভাবে অন্তর্ভুক্ত হলো। সংবাদ সম্মেলনে তিনি গাইবান্ধা জেলা প্রশাসক এবং জেলা সার ও কীটনাশক ডিলার নিয়োগ কমিটির সভাপতির কাছে দাবি জানান যে, আওয়ামী লীগের কর্মী এ.টি.এম সাখাওয়াত হোসেনের নাম ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা থেকে অবিলম্বে বাতিল করা হোক। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।