বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে উসকানি প্রদান, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়াকৈর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ইউসুফ সিকদার, মৌচাক ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, নিষিদ্ধ ঘোষিত কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া, যুবলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ মেহেদী হাসান মিজান এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, সৈকত শেখ ও মিজানুর রহমান।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত কালিয়াকৈর থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
অন্যদিকে, এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান আজ রোববার দুপুরে তাঁর এক ফেসবুক পোস্টে লিখেছেন, “গাজীপুর শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম; আর আন্দোলন উসকে দিয়ে রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ দিচ্ছে জামায়াত-এনসিপি। তাদের শ্রমিক সংগঠনও আন্দোলনে যুক্ত আছে। ডিসেম্বর মাসকে টার্গেট করে এমন অসংখ্য আন্দোলন গড়ে তোলার অপচেষ্টায় লিপ্ত আছে দেশবিরোধী শক্তি।”
এই বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম স্পষ্ট করে বলেন, “শ্রমিকদের আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে নয়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।”