গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (৩৫) নামের এক পোশাকশ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত কার্তিক গাজীপুর মহানগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের পুত্র। তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামক একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগে কর্মরত ছিলেন।
বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, কারখানায় কাজ শেষ করে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার একটি অফিস থেকে হেঁটে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। সেখানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, "নিহত কার্তিকের বাঁ পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।" তিনি আরও জানান, "ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" বর্তমানে পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে।