রাজধানীর উত্তরায় মধ্যরাতে পুলিশি অভিযানের মুখে পড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তাঁকে বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দিবাগত রাত পৌনে তিনটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
পুলিশের আগমনের পর গ্রেপ্তারের আগে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। সেখানে তাঁকে কান্নাকাটি করতে দেখা যায়। লাইভে তিনি দাবি করেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে কিংবা তাঁকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি বলেন, “আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।”
পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও অনুরোধ করেন, “আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।” লাইভের শেষ দিকে নিজের বাবা-মাকে আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি। বলেন, “আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাপক আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। তবে সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করে জ্যোতি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
এই বিতর্কের প্রভাব পড়েছিল তাঁর পেশাগত জীবনেও। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিন কর্মস্থলে যাননি তিনি। পরে ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। তাঁরা ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরোধিতা করেন। একপর্যায়ে তাঁকে কর্মস্থল ছেড়ে যেতে হয়। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরদিন ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে জ্যোতি জানান, এর মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি চাকরির অবসান ঘটল।
এদিকে, ২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে বর্তমান গ্রেপ্তারের সঙ্গে ওই অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে জ্যোতিকা জ্যোতি। দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’। এছাড়া কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেন জ্যোতি, যেখানে তাঁর বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। অভিনয়জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে কাজ করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। তবে এবার মধ্যরাতে পুলিশি আটকের ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন এই অভিনেত্রী।