জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মুফতি রুহুল আমীনের আদি বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
ঘটনা প্রসঙ্গে ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “রুহুল আমীনের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”
উল্লেখ্য, মুফতি রুহুল আমীন ২০২২ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পালিয়ে যান। আত্মগোপনে যাওয়ার প্রায় দেড় মাস পর, ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তিনি তাঁর অনুসারীদের নিয়ে পুনরায় বায়তুল মোকাররম মসজিদে উপস্থিত হন। ওই দিন খুতবা চলাকালীন তাঁর অনুসারীদের সঙ্গে বিপরীত পক্ষের রক্তচক্ষু ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর তাঁকে খতিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
কওমি মাদ্রাসা অঙ্গনে রুহুল আমীন একজন আওয়ামী লীগপন্থী আলেম হিসেবে পরিচিত। ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়ার কৃতজ্ঞতাস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি এলাকায় পোস্টার লাগিয়ে প্রচার কার্যক্রমও চালিয়েছিলেন।