দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা রুখতে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখা। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহর নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক নির্বাহী বৈঠকের মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়।
বৈঠকে উপস্থিত নেতারা বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের অভিযোগ, টুঙ্গিপাড়া থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস করা হয়েছে। এছাড়া সরকারদলীয় এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের ওপর হামলা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা মনে করেন।
দলের নেতাদের দাবি, বর্তমান বিএনপি সরকার এই পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। আওয়ামী ফাসিবাদীদের বিচারাধীন মামলা দ্রুত সম্পন্ন করতে হবে।”
পাশাপাশি দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকর করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দলের নেতারা বলেন, “জননিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সিলিন্ডারসহ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।”
দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন এবং মাওলানা আহমদ বিলাল।