রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে চিহ্নিত করছে। এই ধরনের ধ্বংসাত্মক তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যদিকে, রাজনৈতিকভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা করছে দলটি।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের মতে, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না। তবে তাঁর দেশে ফেরার ঘোষণাটিকে সামনে রেখে দেশে অস্থিরতা তৈরি করা এবং রাজনৈতিক সমঝোতার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রগুলোর দাবি, পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির এই প্রচেষ্টায় সরকার খুব একটা বিচলিত নয়; তবে নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব অনুযায়ী, গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয়টি জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি।

কঠোর নির্দেশনা, গণগ্রেপ্তার নয়

নাশকতার এই ঘটনাগুলো নিয়ে গতকাল অনলাইনে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে একটি বৈঠক করেন মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা, টহল জোরদার করা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথা বলা হয়েছে।

তবে নির্বিচারে গ্রেপ্তার না করার বিষয়েও আইজিপি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। একাধিক জেলার পুলিশ সুপার মুক্তকণ্ঠকে জানান, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার বা ‘কোয়ালিটি অ্যারেস্ট’-এর ওপর জোর দিয়েছেন তিনি। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বলেছেন।

পুলিশ সূত্র জানাচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত কয়েকজন নেতা দেশে নাশকতার উসকানি দিচ্ছেন এবং অর্থ জোগাচ্ছেন। সম্প্রতি ঢাকার মিরপুরসহ একাধিক ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কোন নেতার নির্দেশে এবং কত টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগে যুক্ত হয়েছেন, সে বিষয়ে তথ্য দিয়েছেন। গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার তিনজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন; তাঁরা টাকার বিনিময়ে কাজটি করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার অন্যদের অনেকের দলীয় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে ওই সূত্রটির দাবি।

এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মী ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ছবি-ভিডিও ফেসবুকে শেয়ার করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এসব পোস্টে ঘটনার প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি নিজেদের সংশ্লিষ্টতার ইঙ্গিতও দেওয়া হচ্ছে। একে নাশকতার দায় কার্যত স্বীকার করার শামিল বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

গোপালগঞ্জে গতকাল ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর চার জেলায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুন মুনিরা মুক্তকণ্ঠকে বলেন, ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে। নাশকতা ঠেকাতে চেকপোস্ট, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো হচ্ছে। শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, আগেই তথ্য সংগ্রহ ও ঝুঁকি নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার ঘোষণা ও সরকারের মূল্যায়ন

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। গত ১০ জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেন।

এরপর সোমবার রয়টার্সের আরেক খবরে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। রয়টার্সকে শেখ হাসিনার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁর দেশে ফেরার তারিখ জানানো হবে। এই খবর বের হওয়ার পর সোমবার থেকে আবার বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়া শুরু হয়।

তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না। তাঁদের ধারণা, দেশে ফেরার ঘোষণা সামনে রেখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সক্রিয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল মুক্তকণ্ঠকে বলেন, শেখ হাসিনাসহ ভারতে আশ্রয় নেওয়া সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হয়েছে। ভারত ব্যবস্থা নেবে বলে সরকার আশা করছে।

মাসজুড়ে মাঠে থাকবে বিএনপি

বিএনপির সূত্র জানিয়েছে, বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে দলটি রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় থাকবে। ইতিমধ্যে রাজধানীর কোনো কোনো স্থানে নাশকতার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক অবস্থান ও বিক্ষোভ দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মুক্তকণ্ঠকে বলেন, ফ্যাসিস্টদের বেআইনি, অন্যায় তৎপরতার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ করছে, এর বেশি কিছু নয়। বেআইনি, অন্যায় তৎপরতা আইনগত পদ্ধতিতে প্রশাসন ও আদালত দেখবে।

রিজভী বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। পাশের দেশ থেকে তাদের এ দেশের এজেন্টদের দিয়ে কিছু টোকাইকে ব্যবহার করে নাশকতা করছে। তিনি বলেন, ‘জনসমর্থন না থাকলে কোনো কিছুই কখনো লাস্টিং করে না। সুতরাং এগুলোও থেমে যেতে বাধ্য।’

অন্যদিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর অভিযোগ, নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঠেকাতে সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মুক্তকণ্ঠকে বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ প্রধানের নেতৃত্বে যেসব নাশকতা করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিচ্ছি। আরও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।’ নাশকতা প্রতিরোধে জনগণকে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে সহযোগিতা করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।