কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সৃষ্ট নৈরাজ্য ও নাশকতা মোকাবিলা করতে বিএনপির সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় গিয়ে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার পরপরই তাঁদের নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার কথা বলেছেন তিনি। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ বুধবার বিকেলে বিএনপির সংসদীয় দলের এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদের সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান। সভার সঞ্চালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান।

সভায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপারা) আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী তাঁর নিজ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা বর্ণনা করে আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শুধু তাঁর বাড়িই নয়, আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর আত্মীয়-স্বজনের বাড়িঘরেও হামলা চালিয়েছে, যাতে অনেকে আহত হয়েছেন। এই সংকটময় মুহূর্তে নিজ এলাকার দলীয় সহযোগিতা প্রত্যাশা অনুযায়ী না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের অতীত রাজনৈতিক আচরণের কথা স্মরণ করিয়ে দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। আওয়ামী লীগের চরিত্র কেমন, তা নতুন করে বলার কিছু নেই। তাদের সেভাবেই মোকাবিলা করতে হবে।”

সভায় উপস্থিত বেশ কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন যে, প্রশাসনের অনেক কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যদের কথা শুনতে রাজি হন না।

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের ক্রমাগত উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি এবং বর্তমানেও সরকারের তেমন কোনো ইচ্ছা নেই। তবে তিনি ইঙ্গিত দেন যে, শুধু গোপালগঞ্জ নয়, বরং সারা দেশেই যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সভার সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এস এম জিলানীর বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে, তাই সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে।

প্রশাসন কথা শোনে না—কয়েকজন সংসদ সদস্যের এমন অভিযোগ শুনে প্রধানমন্ত্রী কিছুটা বিরক্তি ও উষ্মা প্রকাশ করেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সরকারি দলের সংসদ সদস্য। আপনারা কীভাবে বলেন, প্রশাসন আপনাদের কথা শোনে না? এই প্রশাসনের বিরুদ্ধে থেকেই তো আপনারা রাজনীতি করেছেন, আন্দোলন-সংগ্রামে জয়ী হয়ে এ জায়গায় এসেছেন। তারা আপনাদের কথা শুনতে বাধ্য।” প্রশাসন কথা না শুনলে যেন তাঁকে সরাসরি জানানো হয়, বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য মুক্তকণ্ঠকে জানান, আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় সংসদ সদস্যদের মাঠে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল অত্যন্ত স্পষ্ট। তিনি আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী দল হিসেবে অভিহিত করেছেন এবং এই বার্তা পরিষ্কার করেছেন। রাজপথে থেকেই তাদের মোকাবিলা করতে হবে এবং বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

সংসদ নেতা তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও মানুষের বিপক্ষে ছিল; এখনো মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছে, নাশকতা চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মাত্র ১৫ দিনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করেছে, ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। তাঁদের মধ্যে অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এমন একটি দলের পক্ষে মানুষ কখনো যাবে না। আওয়ামী লীগ ফিরে আসতে চায়, কিন্তু জনগণ কেন তাদের সমর্থন করবে—প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

সভায় আরও বক্তব্য প্রদান করেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন এবং এ বি এম মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।