দেশের বিভিন্ন প্রান্তে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ব্যাপক নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে গাড়ি ও ট্রেনে আগুন দিয়েছে, ভাঙচুর চালিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পাশাপাশি অনেক এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ককটেল ও পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব নাশকতার সঙ্গে জড়িত।
নাশকতার এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতা-কর্মী।
এই সহিংসতায় সোমবার গভীর রাতে ফরিদপুরে একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে আগুন দেওয়া হয়েছে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে। অন্যদিকে, মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
মুক্তকণ্ঠের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ২১টি জেলায় নাশকতা, সহিংসতা ও অবরোধের খবর পাওয়া গেছে। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি অন্যান্য জেলাগুলো হলো ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, নাটোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী, কুড়িগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নেত্রকোনা, খাগড়াছড়ি, খুলনা, নোয়াখালী ও লালমনিরহাট।
পুলিশের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তাঁর দলের নেতা-কর্মীরা সারা দেশে নাশকতা চালাচ্ছেন। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। তাঁরা মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান এবং সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন। এরপর মিছিল নিয়ে পুনরায় পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যাতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী মুক্তকণ্ঠকে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতা–কর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।”
অন্যদিকে, কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও মশালমিছিল অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ মুক্তকণ্ঠকে বলেন, “সোমবার রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।”
ফরিদপুর শহরে বাসে আগুন দেওয়ার ঘটনায় মো. কালাচান নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ জানান, সোমবার রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, “একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী এসে তাঁদের একজন পেট্রল ঢেলে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটান। তখন ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান বাস থেকে দ্রুত বের হয়ে আসেন। তবে তিনি ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।”
চট্টগ্রাম নগরের পাহাড়তলী সাগরিকা ও কালুরঘাট এলাকায় সোমবার দিবাগত রাত ও গতকাল ভোরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানিয়েছেন, জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বরগুনার বেতাগীতে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাস আগুনে পুড়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের বাজিতপুরে সোমবার গভীর রাতে একটি কলেজ বাসে আগুন দেওয়া হয়। ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসটি দাঁড়িয়ে ছিল। আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
নাটোর শহরের টেক্সটাইল মোড়ে সোমবার রাতে একটি পণ্যবাহী ট্রাকে আগুন লাগে। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, আগুনে ট্রাকের কিছু পণ্য পুড়ে গেছে। তবে ভুলক্রমে বিড়ি বা সিগারেটের আগুন ফেলে রাখায় প্লাস্টিক পণ্যে আগুন লেগেছে বলে তাঁর দাবি।
ঢাকার সাভার ও পার্শ্ববর্তী ধামরাই উপজেলার পৃথক দুটি স্থানে সোমবার দিবাগত রাতে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সাভারের উলাইলের ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুন দেখতে পান কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। রাত একটার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে সোমবার গভীর রাতে লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং দুটি ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় এই ঘটনায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিবচর হাইওয়ে থানার ওসি এনামুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, “অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীদের সরিয়ে দেন।”
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা–বরিশাল মহাসড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার তালমা থেকে ভাঙ্গার পুখুড়িয়ার মধ্যে এই মিছিল করা হয়। তবে নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি আজাদ বলেন, “ভিডিওটি দেখেছি। অন্য কোথাও মিছিল করে এখানে মিছিল করার দাবি করা হতে পারে।”
রাজশাহীর অভয়ের মোড় এলাকায় সোমবার গভীর রাতে রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার দিবাগত মধ্যরাতে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে কিছুক্ষণের জন্য অবরোধ করা হয়। এর আগে সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
চট্টগ্রামের ফটিকছড়ির চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে সোমবার মধ্যরাতে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। কুড়িগ্রাম সরকারি কলেজের ফটকে সোমবার রাতের আঁধারে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাঙামাটিতে জেলা জজ আদালত ও প্রধান বন সংরক্ষকের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকেও তালা দেওয়া হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রলীগের একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ফেনীতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে রাতের আঁধারে তালা লাগিয়ে দিয়েছেন ছাত্রলীগের ব্যানারে কয়েকজন যুবক। বরগুনার বেতাগীতে সোমবার রাতে উপজেলা পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে বেতাগী সরকারি কলেজেও তালা দেওয়া হয়। লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ও আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়া হয়।
নোয়াখালীতে রাতের অন্ধকারে শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেওয়ার পাশাপাশি একাধিক স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার রাতে জেলার সোনাইমুড়ী উপজেলায় এবং মঙ্গলবার ভোরে সুবর্ণচর উপজেলায় এসব ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে পৌঁছানোর পর আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কোচটির চারটি আসন পুড়ে গেছে। মোহনগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান রেলের কর্মীরা।
মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “আগুনে কোচের চারটি আসন পুড়ে গেছে। স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।”
জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া একটার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। একই সময় একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে নিরাপত্তার স্বার্থে মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। রাজশাহী নগরের বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলাম মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেনেডসদৃশ বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখায় সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ বলেন, ব্যাংকের নিচতলায় আগুন দেখে কর্মীরা তা নিভিয়ে ফেলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় মঙ্গলবার দুপুরে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী মো. সুজন মোল্লা মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটিয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় গতকাল ভোরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম এলাকায় সোমবার রাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার অন্তত সাতটি স্থানে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফেনী শহরের দেওয়ানগঞ্জ এলাকায় সোমবার রাতে পরিবার পরিকল্পনা কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এদিকে তিনটি জেলায় বিএনপির স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। রাজশাহীর তানোর, খাগড়াছড়ির গুইমারা ও খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বটিয়াঘাটা থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, “দুই যুবক ব্যানারে আগুন দিয়ে চলে গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
ডিএমপি সূত্র বলছে, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার ও টহল বাড়ানো হয়েছে।”