চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৎকালীন খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। দীর্ঘ সময় পলাতক থাকার পর অবশেষে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আলেম সমাজকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মুফতি রুহুল আমিন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ সেপ্টেম্বর তিনি গোপালগঞ্জ থেকে লোক এনে জাতীয় মসজিদে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করিয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলাসহ মোট তিনটি মামলার আসামি তিনি।

এদিকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক মুফতি মাহবুবুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “বড় হুজুরকে আটকের খবর শুনেছি। তবে কতটুকু সত্য, তা এখনো জানি না। তার নামে তার বড় ভাইয়ের মেয়ের জামাতা জমিসংক্রান্ত মামলা করেছিলেন। ওই লোক খুব দুষ্কৃতিকারী। সামাজিকভাবে তার সঙ্গে মীমাংসা করতে চাওয়া হলেও তিনি এগিয়ে আসেননি।”

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মুফতি রুহুল আমিন। তিনি বায়তুল মোকাররমের খতিবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। এরপর প্রায় ৬ সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তিনি তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। সেখানে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে তার অনুসারীদের সাথে অন্য পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে ওই বছরের ২২ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদ থেকে অপসারণ করে।

মুফতি রুহুল আমিনের পৈতৃক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গায়। তার বাবা দেশের প্রখ্যাত আলেম শামসুল হক ফরিদপুরী। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।