ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর গুলশান থানা থেকে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন জানান, “সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

গ্রেপ্তারের পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর অভিযোগেও সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন প্রদান করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা মোট ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।

এছাড়া সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে এককভাবে সাঈদ খোকনের বিরুদ্ধে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান থাকায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।