বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিবির একটি সাদা গাড়িতে করে সাঈদ খোকনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আনা হয়। তবে তাঁকে আদালতে আনার আগেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আদালত এলাকায় জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। সাঈদ খোকনকে বহনকারী গাড়ির পেছন পেছন বিক্ষোভ মিছিল নিয়ে ছুটতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে তাঁকে হাজতখানায় নেওয়ার পর বিক্ষোভকারীরা হাজতখানার গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। আজ সকাল ৭টার দিকে ঢাকার বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। আটক করার পর এসআরবি তাঁকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করে। উল্লেখ্য, অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং ডিএসসিসির সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক বিকেলে সিএমএম আদালতে সাঈদ খোকনকে আব্দুল মোতালিব হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আসামির উপস্থিতিতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ মুক্তকণ্ঠকে বলেছেন, “ধানমন্ডি থানার মামলাটিতে সাঈদ খোকনকে ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। রিমান্ড আবেদন বাতিল এবং আসামির জামিন চেয়ে আবেদন করবেন তাঁরা।”
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনের সড়কে ছাত্র-জনতার সঙ্গে অবস্থান করছিলেন আব্দুল মোতালিব। সেই সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোতালিবের বুক ও গলায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে নোয়াখালীর বেগমগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়।
এই মর্মান্তিক ঘটনায় নিহত মোতালিবের বাবা আব্দুল মতিন ২০২৪ সালের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের ২৫০ থেকে ৩০০ জন নেতা-কর্মী এবং অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীদের আসামি করা হয়েছে।
সাঈদ খোকনের রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে সাঈদ খোকনের বিরুদ্ধে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া, অর্থ ও অস্ত্রের জোগান দেওয়া এবং ধানমন্ডিসহ আশপাশের এলাকায় হামলায় সক্রিয় ভূমিকা রাখার তথ্য পাওয়া গেছে। আবেদনে আরও দাবি করা হয় যে, তাঁর নির্দেশনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন।
পুলিশ রিমান্ড আবেদনে আরও জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থেকে সাঈদ খোকন বিভিন্ন স্থানে মিছিল পরিচালনা করেছেন এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।