নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুরের চিকিৎসার ব্যয়ভার বহনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চ্যানেল আই। এই মহৎ উদ্দেশ্যে তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে চ্যানেল আই। আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ছবিটি প্রচারিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপনচিত্র প্রচার থেকে যে অর্থ সংগৃহীত হবে, তার সম্পূর্ণ অংশ মাতিয়া বানু শুকুরের চিকিৎসায় ব্যয় করা হবে।
দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় অসুস্থ মাতিয়া বানু শুকু। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গতকাল শনিবার সকালে তাঁকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
নির্মাতা নূরুল আলম আতিকের দেওয়া তথ্য অনুযায়ী, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় শুকুর প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, যা নিয়ে চিকিৎসকেরা অত্যন্ত উদ্বিগ্ন। বর্তমানে লাইফ সাপোর্ট এবং চিকিৎসার পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তাঁর পরিবার।
চিকিৎসার বিপুল ব্যয়ের কথা চিন্তা করে পরিবারের সদস্যরা বর্তমানে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। বর্তমানে যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন, সেখানকার ব্যয় অত্যন্ত বেশি। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা ভাবছে পরিবারটি।
এই কঠিন সময়ে মাতিয়া বানু শুকুরের চিকিৎসায় সহযোগিতার জন্য বিজ্ঞাপনদাতা এবং শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। চ্যানেল আই পুনরায় নিশ্চিত করেছে যে, ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপন থেকে প্রাপ্ত পুরো অর্থই তাঁর চিকিৎসায় ব্যবহৃত হবে।
নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৪ মাসে চেন্নাই ও ঢাকায় চিকিৎসায় ইতিমধ্যে ৬৫ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। সামনের চিকিৎসা আরও অনেক বেশি ব্যয়সাপেক্ষ হতে পারে। তবে এই সংকটের সময়ে পরিচিতদের পাশাপাশি অনেক অপরিচিত মানুষের সহায়তা পেয়ে অভিভূত আতিক-শুকু পরিবার। নূরুল আলম আতিক বলেন, ‘১৪ মাস ধরে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। অথচ এই সময়ে এমন সব বন্ধু জুটল, যাঁরা আমাদের চেনেন না, জানেন না—তাঁরাও আমাদের পাশে এসে নানানভাবে দাঁড়িয়েছেন। কেউ কেউ পাশে এসে দাঁড়িয়ে কাউকে জানাতে চাইছেন না। আশ্চর্য ভালোবাসার এক কারবার দেখলাম। এত সব দুর্ঘটনা, এত সব অস্থিরতার মধ্যেও যা দেখলাম, তাতে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রের সাথে যুক্ত। নাট্যকার ও পরিচালক হিসেবে তিনি ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। তাঁর কাজের মূল উপজীব্য ছিল মধ্যবিত্তের জীবন ও সামাজিক বাস্তবতার নানা দিক। উল্লেখ্য, ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
মাতিয়া বানু শুকুরের চিকিৎসায় দেশ ও বিদেশের শুভাকাঙ্ক্ষীরা আর্থিক সহায়তা পাঠাতে তাঁর স্বামী নূরুল আলম আতিকের ব্যাংক হিসাব ব্যবহার করতে পারেন।
ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য:
হিসাবের নাম: Nurul Alam Atique
হিসাব নম্বর: 2801137484001
ব্যাংক: City Bank
শাখা: Uttara
রাউটিং নম্বর: 225264634
সুইফট কোড: CIBLBDDH